১১০৭ পোশাকশ্রমিককে কাজ দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

সাভারের ধসে যাওয়া রানা প্লাজার পাঁচ পোশাক কারখানার এক হাজার ১০৭ জন শ্রমিককে কাজ দিতে সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সমিতি বিজিএমইএ। এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গত বুধবার সমিতি নিজেদের সদস্যদের বিতরণ করেছে। এতে বলা হয়েছে, রানা প্লাজার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসনের জন্য বিজিএমইএ চেষ্টা করছে। সেই ধারাবাহিকতায় সেখানকার মোট এক হাজার ১০৭ জন শ্রমিকের নাম তালিকাভুক্ত করা হয়েছে। তাঁদের পুনর্বাসনের জন্য চাকরি দেওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে পোশাক কারখানার ২৮ ধরনের পদের বিপরীতে কত শ্রমিকের নাম তালিকাভুক্ত আছে তার সংখ্যা উল্লেখ করা হয়। এর মধ্যে অপারেটর পদে ৩৮৯, হেলপার ১৭৫, সুইং অ্যাসিস্ট্যান্ট ১০১, কোয়ালিটি ইন্সপেক্টর ৯১, ফিনিশিং অ্যাসিস্ট্যান্ট ৪৭, কাটিং অ্যাসিস্ট্যান্ট ৩১, ফিনিশিং হেলপার ২৬ ও অ্যাডমিন অফিসার ২৪ জন অন্যতম। এ বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, ‘বিভিন্ন সংস্থার কাছ থেকে আমরা এ তালিকা পেয়েছি।’ তিনি আরও বলেন, পোশাক কারখানাগুলোতে অনেক শ্রমিকের পদ শূন্য আছে। তাই তালিকাভুক্ত এসব শ্রমিকের কাজ পেতে সমস্যা হবে না।’ ইতিমধ্যে বেশ কয়েকটি কারখানা অনেক শ্রমিকের কাজের নিশ্চয়তা দিয়েছে বলেও দাবি করেন বিজিএমইএর এই সহসভাপতি। এদিকে রানা প্লাজা ধসের ঘটনায় আহত ৩০০ পোশাকশ্রমিককে সহায়তা হিসেবে ফ্লেক্সিলোড ব্যবসা স্থাপন করে গ্রামীণফোন।