১১৮ বছরে পুরুষের সমান আয় করবে নারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীরা পুরুষের সমান মজুরি বা বেতন পান না। অর্থনৈতিক বৈষম্যের এই চিত্রটি অতীতে আরও প্রকট ছিল। তবে পরিস্থিতি বদলাচ্ছে। যে গতিতে তা হচ্ছে, তাতে নারী-পুরুষের মধ্যে অর্থনৈতিক সমতা পুরোপুরি আসবে সেই ২১৩৩ সালে, এখন থেকে ১১৮ বছর পরে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ডব্লিউইএফ মাত্রই গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০১৫ প্রকাশ করেছে। সে রিপোর্টে এই ১১৮ বছরের কথা বলা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, অর্থনৈতিক সুযোগ পাওয়ার ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে যে পার্থক্য তা গত এক দশকে মাত্র ৩ শতাংশ কমেছে। সুতরাং অগ্রগতি খুবই শ্লথ। বিশেষ করে ২০০৮ সালের বিশ্ব অর্থনীতির মন্দা অগ্রগতি এক প্রকার থামিয়ে দিয়েছে। ফলে এই গতিতে এগোলে লেগে যাবে আরও ১১৮ বছর।
রিপোর্ট অনুযায়ী, ২০১৫ সালে নারীরা যা আয় করেন ২০০৬ সালে পুরুষেরা সেটাই আয় করতেন। কিন্তু এরপর থেকে অগ্রগতি একদমই থমকে আছে। ডব্লিউইএফ মূলত ১৪৫টি দেশের নারী-পুরুষ সমতা বিশ্লেষণ করে দেখেছে। মূলত চারটি সূচক ধরে মূল্যায়ন করা হয়েছে। যেমন: স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক সুযোগ ও রাজনৈতিক ক্ষমতায়ন। রিপোর্ট অনুযায়ী, এই চারটি সূচকে নারীরা যথাক্রমে পুরুষের তুলনায় ৯৬ শতাংশ, ৯৫ শতাংশ, ৫৯ শতাংশ এবং ২৩ শতাংশ সুযোগ ও প্রবেশাধিকার পাচ্ছেন।
রিপোর্টে আরও বলা হয়েছে, গত এক দশকে নারী-পুরুষের মধ্যে শিক্ষার পার্থক্য ৩ শতাংশ কমেছে। এর কারণ হচ্ছে ওই সময়ে উল্লেখযোগ্য সংখ্যক নারী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিতে পেরেছেন। সবচেয়ে ভালো খবর হচ্ছে বিশ্বের ২৫টি দেশ শিক্ষার এই পার্থক্য পুরোপুরি দূর করতে পেরেছে। এই দেশগুলোতে শিক্ষায় নারী-পুরুষেরা সমান সুযোগ পাচ্ছেন।
তবে বিশ্বব্যাপী নারীরা সবচেয়ে পিছিয়ে আছেন রাজনৈতিক ভূমিকার ক্ষেত্রে। রাজনৈতিক প্রতিনিধিত্বের দিক দিয়ে নারী ও পুরুষের পার্থক্য ৭৭ শতাংশ। মাত্র দুটি দেশ সংসদীয় প্রতিনিধিত্বের ক্ষেত্রে এই পার্থক্য পুরোপুরি দূর করতে পেরেছে।
রিপোর্ট অনুযায়ী, যদিও পৃথিবীর কোনো দেশই এখন পর্যন্ত নারী-পুরুষের পার্থক্য পুরোপুরি দূর করতে পারেনি, তবে এ ক্ষেত্রে সবচেয়ে ভালো অবস্থায় আছে আইসল্যান্ড। সাত বছর ধরে টানা দেশটি তালিকার শীর্ষে। এখানে রাজনীতিতে নারীদের প্রতিনিধিত্ব আছে ৪১ শতাংশ। আর একজন ব্যবসায়িক নেতা হতেও নারীদের জন্য রয়েছে চমৎকার সুযোগ। তালিকায় মূলত স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোরই প্রাধান্য। যেমন তালিকার বাকি চার দেশ হচ্ছে নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন ও আয়ারল্যান্ড। তালিকায় দুটি বিস্ময় জাগানিয়া নামও আছে। যেমন রুয়ান্ডা ও ফিলিপাইনস। শীর্ষ ১০-এর বাকি তিন দেশ হচ্ছে সুইজারল্যান্ড, স্লোভেনিয়া ও নিউজিল্যান্ড।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। প্রতিবেদন অনুযায়ী, নারী-পুরুষের ব্যবধান কমিয়ে আনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থানে আছে বাংলাদেশ। আর সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে। ১৪৫টি দেশকে নিয়ে করা সূচকে বাংলাদেশের অবস্থান ৬৪তম। আগের বছরে ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ৬৮তম অবস্থানে।
স্বাস্থ্য খাত ছাড়াও বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নেও। তবে উচ্চ শিক্ষায় নারীর অংশগ্রহণের ক্ষেত্রে এক ধাপ পিছিয়েছে দেশ। অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণের ক্ষেত্রেও কিছুটা পিছিয়েছে বাংলাদেশ।