১২ অতিধনীর বন্ধুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর কয়েকজন বিলিয়নিয়ার বা অতিধনী কর্ণধারের মধ্যে ব্যবসায়িক ও ধনসম্পদের প্রতিযোগিতা এবং ব্যক্তিগত দ্বন্দ্বের চেয়ে বন্ধুত্বই বেশি প্রাধান্য পেয়েছে। ঘনিষ্ঠ বন্ধুত্বের জন্য তাঁদের বেশ খ্যাতি রয়েছে। এ রকম সেরা ছয় জোড়া অতিধনীর বন্ধুত্বের কথা আমরা এখানে তুলে ধরব। এসব বন্ধুজুটি হলন বিল গেটস-ওয়ারেন বাফেট, ইলন মাস্ক-ল্যারি পেজ ও সের্গেই ব্রিন, ইলন মাস্ক-জ্যাক ডরসি, জেফ বেজোস-ব্যারি ডিলার, ল্যারি অ্যালিসন-স্টিভ জবস, মার্ক জাকারবার্গ-ড্রিউ হিউস্টন।

বিল গেটস ও ওয়ারেন বাফেট

বিল গেটস ও ওয়ারেন বাফেট

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী ১৩৫ দশমিক ৮ বিলিয়ন বা ১৩ হাজার ৫৮০ কোটি মার্কিন ডলারের ধনসম্পদ নিয়ে বর্তমানে বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী হচ্ছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। আর ১১ হাজার ৫৬০ কোটি ডলারের সম্পদ নিয়ে অষ্টম স্থানে আছেন ‘বিনিয়োগগুরু’খ্যাত ওয়ারেন বাফেট, যিনি বার্কশায়ার হ্যাথওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। যাঁদের ধনসম্পদের নিট মূল্য ১০০ কোটি মার্কিন ডলার বা এর চেয়ে বেশি হয়, তাঁদের বিলিয়নিয়ার বা অতিধনী বলা হয়ে থাকে। আর ১ বিলিয়নে ১০০ কোটি।

বাফেট ও বিল গেটসের প্রথম দেখা হয় ১৯৯১ সালে। বিল গেটসের মায়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন বাফেট। কিন্তু সেদিন তাঁদের কেউই পরস্পরের সঙ্গে কথা বলতে তেমন আগ্রহ দেখাননি। এর অল্প কিছুদিন পরই অবশ্য বিল গেটস পড়ার জন্য একটি ব্যবসায়িক বইয়ের নাম জানতে চেয়েছিলেন ওয়ারেন বাফেটের কাছে। তখন বাফেট নিজের কাছে থাকা জন ব্রুকসের লেখা ‘বিজনেস অ্যাডভেঞ্চারস’ শীর্ষক একটি বই ধার দেন বিল গেটসকে। সেই বই এখনো বিল গেটসের কাছে রয়েছে। সেই যে বিল ও বাফেট জুটির বন্ধুত্ব শুরু হলো, তা এখনো অটুট।

সময় পেলেই তাঁরা একসঙ্গে টেবিল টেনিস ও ব্রিজ খেলেন। এমনকি করোনাকালেও তাঁরা অনলাইনে ব্রিজ খেলে সময় কাটিয়েছেন।

বিল গেটস ও তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডা গেটসের প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে বাফেট বিভিন্ন সময় বিপুল পরিমাণ অর্থ দান করেছেন। ওয়ারেন বাফেটের হাতে অ্যাপলের মতো বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির প্রচুর শেয়ার থাকা সত্ত্বেও তিনি কখনোই বিল গেটসের কোম্পানি মাইক্রোসফটের শেয়ার কিনবেন না। কারণ, বিল গেটসের সঙ্গে বন্ধুত্ব থাকায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

ইলন মাস্ক-ল্যারি পেজ ও সের্গেই ব্রিন

ইলন মাস্ক-ল্যারি পেজ ও সের্গেই ব্রিন

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার প্রতিষ্ঠাতা ও মহাকাশে বেসরকারি নভোযান উড্ডয়নকারী প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্কের সঙ্গে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের দীর্ঘদিন ধরে বন্ধুত্ব রয়েছে। টেসলার প্রাথমিক দিনগুলোয় ব্রিন ও পেজকে নিয়ে টেস্ট ড্রাইভে বের হতেন মাস্ক। বিশেষ করে ল্যারি পেজের সঙ্গে বেশি বন্ধুত্ব ছিল মাস্কের। অনেক সময় পেজের বাড়িতে গিয়ে ঘুমাতেন মাস্ক। ব্রিন, পেজ ও মাস্ক সুযোগ পেলেই গুগলের মালিকানাধীন একটি অ্যাপার্টমেন্টে আড্ডা দিতেন।

ইলন মাস্ক এখন ২৬ হাজার ৩০০ কোটি ডলারের সম্পদ নিয়ে বিশ্বের এক নম্বর ধনী। আর ১১ হাজার ৭৩০ কোটি ডলারের সম্পদ নিয়ে ল্যারি পেজ সপ্তম ও ১১ হাজার ৩১০ কোটি ডলারের সম্পদ নিয়ে সের্গেই ব্রিন নবম শীর্ষ ধনী।

জেফ বেজোস ও ব্যারি ডিলার

জেফ বেজোস ও ব্যারি ডিলার

বৈশ্বিক ই-কমার্স আমাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস এবং আইএসি ও এক্সপেডিয়া গ্রুপের চেয়ারম্যান ব্যারি ডিলার বহু বছর ধরে পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। ব্যারি ডিলার ও তাঁর ডিজাইনার স্ত্রী ডায়ানে ভন ফার্স্টেনবার্গের সঙ্গে প্রায়ই আড্ডা দেন ও ঘুরতে বের হন বেজোস। আবার বেজোসের দেওয়া বিভিন্ন পার্টিতেও যান ব্যারি ও ভন। বেজোস তাঁর বর্তমান বান্ধবী লরেন সানচেজকে নিয়ে ব্যারি ডিলার ও ভন ফুরস্টেনবার্গের ইয়টে (বিলাসবহুল প্রমোদতরি) চড়ে ইতালির ভেনিস গেছেন। সেখানে দুই দম্পতিকে একসঙ্গে ভেনিস শহরে ঘুরতে দেখা গেছে।

২০১৬ সালের জানুয়ারিতে ব্যারি ডিলার ভবিষ্যদ্বাণী করেছিলেন যে বেজোস একদিন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হবেন, যা কয়েক বছরের মধ্যে সত্য বলে প্রমাণিত হয়। এখন অবশ্য বেজোস পৃথিবীর দ্বিতীয় শীর্ষ ধনী। তাঁর সম্পদের মূল্য ১৮ হাজার ৮৪০ কোটি ডলার। অন্যদিকে, ৫০০ কোটি ডলারের সম্পদ নিয়ে ব্যারি ডিলার এখন বিশ্বের ২০৬তম ধনী।

ল্যারি অ্যালিসন ও স্টিভ জবস

ল্যারি অ্যালিসন ও স্টিভ জবস

যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের (বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি) প্রয়াত সিইও ও সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের সঙ্গে সেই দেশের আরেক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসনের দারুণ বন্ধুত্ব ছিল। ২০১১ সালে স্টিভ জবস মারা যাওয়ার আগে তাঁদের বন্ধুত্বের ২৫ বছর পূর্ণ হয়।

অ্যালিসন ও জবস ক্যালিফোর্নিয়ার উডসাইডে প্রতিবেশী ছিলেন। তখন এই জুটিকে প্রায়ই একসঙ্গে হাঁটতে দেখা যেত। স্টিভ জবস যখন অ্যাপলের নেতৃত্ব হারান, তখন কোম্পানিটিতে তাঁর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সহায়তা করেন অ্যালিসন। এমনকি অ্যালিসন নিজেই অ্যাপল কিনে নিয়ে জবসকে এই কোম্পানির সিইও হিসেবে নিযুক্ত করতে চেয়েছিলেন। অ্যালিসন জানান, তিনি স্টিভ জবসের জীবনের শেষ দিনগুলোয় যখন দুর্বল হয়ে পড়েন, তখন তাঁর পাশে ছিলেন, ধীরে ধীরে দু-চার কদম হেঁটেছেন। এখন ১১ হাজার ৯৫০ কোটি ডলারের সম্পদ নিয়ে ল্যারি অ্যালিসন বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী।

মার্ক জাকারবার্গ ও ড্রিউ হোস্টন

মার্ক জাকারবার্গ ও ড্রিউ হোস্টন

যুক্তরাষ্ট্রের দুই প্রযুক্তি প্রতিষ্ঠান ড্রপবক্সের সিইও ড্রিউ হোস্টন ও ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গের বন্ধুত্ব বহু বছরের পুরোনো। তাঁরা পরস্পরকে ব্যবসায়িক পরামর্শও দেন। যেমন ২০১৫ সালে ব্লুমবার্গকে ড্রিউ হোস্টন বলেন, ‘জাকারবার্গ আমাকে কোম্পানির কার্যক্রম জোরদার করাসহ লোকবল ও ব্যবসায়িক পদ্ধতি ব্যবস্থাপনা সম্পর্কে অনেক পরামর্শ দিয়েছেন।’ একই বছরে ড্রপবক্সের কোম্পানি প্রোফাইলের সিইও হোস্টনকে মার্ক জাকারবার্গের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করা হয়। জন্মদিনের পার্টিতেও তাঁরা মিলিত হন। ২০২০ সালে হিউস্টন ফেসবুকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পান। ওই সময় জাকারবার্গ এক বিবৃতিতে বলেন, ‘ড্রিউ একজন নেতা হিসেবেই আমাদের পরিচালনা পর্ষদে এসেছেন। কীভাবে মানুষের কাছে কার্যকর প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে তিনি গভীরভাবে চিন্তা করেন।’ বর্তমানে মার্ক জাকারবার্গের সম্পদের নিট মূল্য ১১ হাজার ৭৫০ কোটি ডলার। বিলিয়নিয়ার তালিকায় তাঁর অবস্থান ষষ্ঠ। আর ড্রিউ হোস্টনের সম্পদের মূল্য ১৮০ কোটি ডলার, অবস্থান ১,৭৯৯তম।

ইলন মাস্ক ও জ্যাক ডরসি

ইলন মাস্ক ও জ্যাক ডরসি

টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক এবং জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও সিইও জ্যাক ডরসির মধ্যে ভার্চ্যুয়াল বন্ধুত্ব রয়েছে। ২০১৬ সালে ডরসি একবার ইলন মাস্কের দক্ষতার সঙ্গে টুইটার ব্যবহার প্রসঙ্গে বলেন, এ জন্য তিনি সত্যিই একজন অনুসরণীয় ব্যক্তিত্ব। সম্প্রতি এক সাক্ষাৎকারেও ডরসি বলেন যে ইলন মাস্ক হচ্ছে তাঁর প্রিয় টুইটার অনুসরণকারী। এর জবাবে মাস্ক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘ধন্যবাদ জ্যাক, টুইটার রকস!’

একবার দুজন টুইটারের কর্মীদের সামনে ভিডিও চ্যাট করেন। তখন ডরসিকে টুইটার প্ল্যাটফর্মের উন্নয়নে পরামর্শ দেন ইলন মাস্ক। ২০২০ সালে হেজ ফান্ড নিয়ে ডরসি সমস্যায় পড়লে তখন তাঁকে ইলন মাস্ক এক টুইটবার্তায় বলেন, ‘টুইটারের সিইও জ্যাককে আমি সমর্থন করি।’ ৮২০ কোটি ডলার সম্পদ নিয়ে জ্যাক ডরসি এখন বিশ্বের ৩১৬তম ধনী।

এ টি এম ইসহাক, সূত্র: বিজনেসইনসাইডার ডট কম