১২ কোম্পানির দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানের নির্দেশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্বল্প মূলধনি ১২টি কোম্পানির শেয়ারের দাম বাড়ার কারণ অনুসন্ধানের জন্য দুই স্টক এক্সচেঞ্জকে (ডিএসই ও সিএসই) নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার কমিশনের ৪৯৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
কোম্পানিগুলো হলো লিগ্যাসি ফুটওয়্যার, দেশ গার্মেন্টস, বিডি অটোকার, রহিমা ফুড, ইনফরমেশন সার্ভিসেস, মুন্নু স্টাফলার, মডার্ন ডাইং, আনোয়ার গ্যালভানাইজিং, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, হাক্কানি পাল্প, ইনটেক অনলাইন ও আলহাজ টেক্সটাইল।
বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ দিনে যেসব স্বল্প মূলধনি কোম্পানির শেয়ারের দাম ৫০ শতাংশ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে, সেসব কোম্পানির শেয়ারের দাম বাড়ার কারণ অনুসন্ধান করে ১৫ কার্য দিবসের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে এই নির্দেশ দেওয়া হয়েছে।