১২ জন অনাবাসী সিআইপি হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১২ জন অনাবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচন করা হয়েছে। ২০০৯ সালে দেশে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে প্রবাসে অবস্থানকারী বাংলাদেশি ব্যবসায়ীরা অবদান রাখায় তাঁদের এ সম্মাননা দেওয়া হচ্ছে।গতকাল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) এ প্রজ্ঞাপনে সই করেছেন। আজ সোমবার আনুষ্ঠানিকভাবে সিআইপিদের এ-সংক্রান্ত চিঠি ও কার্ড দেওয়া হবে।১২ অনাবাসী বাংলাদেশি হচ্ছেন: আরব আমিরাতে বসবাসরত এম এন আলম, মোহাম্মদ আলী ও মীর সেলিম উদ্দিন (চট্টগ্রাম), ব্রিটেনে বসবাসরত আবদুর রহিম ও মৌলা মিয়া (মৌলভীবাজার), কায়ছর আহমেদ (সিলেট), ওমানে বসবাসরত মোহাম্মদ গোলাম কবির ভূঁইয়া ও হেদায়েত উল্লাহ (ঢাকা), জাপানের কাজী সারোয়ার হাবীব (ঢাকা), যুক্তরাষ্ট্রের নাজিম আবেদীন চৌধুরী (ঢাকা), কাতারের লিয়াকত আলী (চট্টগ্রাম) ও সুইডেনের কাজী শাহ আলম (ঢাকা)।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ ১২ সিআইপি আজ থেকে আগামী এক বছর পর্যন্ত বিশেষ সুবিধা পাবেন। সিআইপিরা তাঁদের পরিচয়পত্রের মেয়াদকালীন দেশে সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র পাবেন। সরকারের নীতিনির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য বিবেচিত হবেন। দেশ ও বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার পাবেন।ব্যবসাসংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের সিআইপি হিসেবে অগ্রাধিকার পাবেন। সিআইপিরা বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীদের মতো সুযোগ-সুবিধা পাবেন। সিআইপি ব্যক্তির যথাযথ ফটোগ্রাফ সিআইপি কার্ডে সংযুক্ত থাকবে, যাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষর থাকবে।সরকার কোনো কারণ না দর্শিয়েই সিআইপিদের দেওয়া এসব সুযোগ-সুবিধা প্রত্যাহার করে নিতে পারবে।