দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নিতে ১২ জন সদস্যকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আজ বৃহস্পতিবার বিএসইসি এই অনাপত্তিপত্র দেয়। ফলে আগামী ১০ জুন ডিএসইর পরিচালনা পর্ষদের নির্বাচনে তাঁদের অংশ নিতে কোনো বাধা রইল না। আজ সকালে এ-সংক্রান্ত একটি চিঠি ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা যায়।
বিএসইসির ওই চিঠিতে বলা হয়, ‘ডিএসইর পরিচালক নির্বাচন ২০১৩-তে অংশগ্রহণের লক্ষ্যে ১২ জন সদস্য বিএসইসিতে আগ্রহপত্র জমা দেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে তাঁদের অনাপত্তিপত্র দেওয়া হলো।’
অনাপত্তিপত্র পাওয়া সদস্যরা হলেন: লতিফ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ লুত্ফর রহমান, ডেসা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ শামীম আফজাল, সিকিউরিটিজ ব্রোকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুজা উদ্দিন আহমেদ, আদিল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দস্তগীর মো. আদিল, এম অ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিটেডের মঞ্জুর উদ্দিন আহমেদ, বুলবুল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ এস শহুদুল হক বুলবুল, মো. শহিদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আনোয়ার হোসেন, কাজী ফিরোজ রশিদ সিকিউরিটিজের চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, মডার্ন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক খুজেস্তা নূর-ই-নাহরীন, সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার আসাদুল ইসলাম, বিএন্ডবি এন্টারপ্রাইজ লিমিটেডের চেয়ারম্যান মো. আজিজুল হক এবং শাহেদ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহেদ আবদুল খালেক।
প্রসঙ্গত, প্রতিবছর ডিএসইর পরিচালনা পর্ষদে চারটি পদ শূন্য হয়। ডিএসইর সদস্যদের মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে এই চারটি পদ পূরণ করা হয়। ওই চারটি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য এই ১২ জন সদস্য বিএসইসির কাছ থেকে অনাপত্তিপত্র পেলেন। আগামী ১০ জুন ডিএসইর পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।