বন্দরে আমদানি করা কনটেইনার খুলে খালাস করা যাবে না
১২ ধরনের আমদানিকৃত পণ্য এখন বেসরকারি ডিপোতে খালাস হবে
চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনারে আমদানি হওয়া ১২ ধরনের শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য এখন থেকে বন্দর ইয়ার্ডে খুলে খালাস করা যাবে না। কনটেইনার ভর্তি এই ১২ ধরনের পণ্য জাহাজ থেকে নামানোর পর সরাসরি বেসরকারি কনটেইনার ডিপোতে নিয়ে খালাস করতে হবে। এই ১২টি পণ্যের মধ্যে রয়েছে: খেজুর, চিনি, সোডা অ্যাশ, বিটুমিন, পিভিসি রেজিন, স্টেপল ফাইবার, বেভারেজের খালি ক্যান, মার্বেল পাথর, সোডিয়াম সালফেট, উড পাল্প, গ্লোবাল সল্ট, কনটেইনারাইজড স্কয়ার ইত্যাদি। এসব পণ্য ডিপোতে খালাসের অনুমতি দিয়েছে রাজস্ব বোর্ড। বন্দর কর্মকর্তারা জানান, আগে এসব পণ্য বন্দর ইয়ার্ডে খুলে ট্রাক বা কাভার্ড ভ্যানে বোঝাই করে খালাস করতেন আমদানিকারকেরা। এতে বন্দরে বিশৃঙ্খলা তৈরি হতো। নতুন সিদ্ধান্তের কারণে বন্দরে কনটেইনার জমে থাকার প্রবণতা কমবে। বন্দরের পরিচালন কর্মকাণ্ডে গতি বাড়বে। জানা গেছে, গত বৃহস্পতিবার রাজস্ব বোর্ড ১২টি পণ্য খালাসের অনুমতি প্রদান করে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কাস্টম হাউসের কমিশনার, বেসরকারি কনটেইনার ডিপো মালিক সমিতি এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমই) ও বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সুপারিশের পরিপ্রেক্ষিতে এসব পণ্য খালাসের অনুমতি দেওয়া হয় বলে রাজস্ব বোর্ডের নথিতে উল্লেখ করা হয়েছে। নিয়মানুযায়ী এই নথি বন্দর ও কাস্টম হাউসে আসার পর পৃথকভাবে ব্যবহারকারীদের জানিয়ে দেওয়ার কথা। এরপরই পর্যায়ক্রমে এসব পণ্য বেসরকারি ডিপোতে খালাসের কার্যক্রম শুরু হবে। কাস্টম হাউসের কমিশনার মারুফুল ইসলাম গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘রাজস্ব বোর্ড অনুমতি দেওয়ার পর এটি কার্যকর হয়ে যায়।’ তবে চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম ছরওয়ার প্রথম আলোকে বলেন, ‘রাজস্ব বোর্ডের আদেশ এখনো পাইনি। এটি হাতে পাওয়ার পর নোটিশ দিয়ে ব্যবহারকারীদের জানিয়ে দেওয়া হবে। এরপর পণ্য আমদানির প্রক্রিয়ায় নির্দিষ্ট বেসরকারি ডিপোর নাম উল্লেখ করে খালাস করা যাবে।’ বন্দর ও কাস্টম হাউস সূত্র জানায়, এর আগে ২০০৭ সাল থেকে দুই দফায় ১৭টি কনটেইনার ভর্তি পণ্য বেসরকারি ডিপো থেকে খালাসের বাধ্যবাধকতা করা হয়। এই ১৭টি পণ্যের মধ্যে রয়েছে: চাল, ডাল, গম, সরিষা, ছোলা, পশুখাদ্য, লোহার স্ক্র্যাপ, তুলা এবং পুরাতন সংবাদপত্র (ওয়েস্ট পেপার), হার্ডকোক, কার্বনব্যাক, মার্বেলচিপস, বলক্লে, পেঁয়াজ, আদা, রসুন ও সার। নতুন ১২টি পণ্যসহ এখন বেসরকারি ডিপোতে ২৯টি পণ্য খালাসের বাধ্যবাধকতা জারি হলো। বেসরকারি কনটেইনার ডিপো মালিক সমিতি বিকডার সচিব রুহুল আমিন সিকদার প্রথম আলোকে বলেন, ‘নতুন ১২টি পণ্য এই বন্দর দিয়ে প্রতি মাসে গড়ে তিন হাজার একক কনটেইনার আমদানি হয়। এ ক্ষেত্রে বেসরকারি ডিপোগুলোতে কনটেইনার খালাসের হার বাড়বে।’ বন্দরের তথ্য অনুযায়ী, বর্তমানে চট্টগ্রামে অনুমোদনপ্রাপ্ত ১৮টি বেসরকারি কনটেইনার ডিপো চালু রয়েছে। এসব ডিপোতে সিংহভাগ রপ্তানি-পণ্য কনটেইনারে বোঝাই করা হয়। এরপর ডিপোতে শুল্ক বিভাগের যাচাই শেষে সরাসরি বন্দর দিয়ে জাহাজে করে কনটেইনার ভর্তি পণ্য বিদেশে রপ্তানি করা হয়। ডিপোগুলোতে খালি কনটেইনারও সংরক্ষণ করা হয়। শুধু রাজস্ব বোর্ডের অনুমোদন দেওয়া আমদানি-পণ্য খালাস করা হয়। এসব আমদানি করা পণ্যের যাচাই-বাছাইও করা হয় বেসরকারি ডিপোতে।