১২ বছর সব সুবিধা দাবি

এলডিসি থেকে উত্তরণ হওয়া দেশগুলোর জন্য পরের ১২ বছর সব বাণিজ্য–সুবিধা অব্যাহত রাখার বিষয়ে ডব্লিউটিওতে আগামীকাল আলোচনা শুরু।

  • বাংলাদেশ অন্তত ছয় বছর বা ২০৩০ সাল পর্যন্ত সব বাণিজ্য–সুবিধা চায়।

  • আগামী ফেব্রুয়ারিতে এলডিসি থেকে বের হওয়ার চূড়ান্ত সুপারিশ পাওয়ার সম্ভাবনা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার সময়ে স্বল্পোন্নত দেশগুলো (এলডিসি) যখন নিজেদের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য নিয়ে হিমশিম খাচ্ছে, তখন আফ্রিকার দেশ চাদ নতুন আশার আলো জ্বালল। এলডিসি থেকে উত্তরণ–পরবর্তী ১২ বছর একই বাণিজ্য–সুবিধা অব্যাহত রাখার প্রস্তাব করেছে দেশটি। ৪৭টি এলডিসির পক্ষ থেকে সম্প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব দিয়েছে চাদ। এই প্রস্তাব নিয়ে আগামীকাল বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউটিওর সাধারণ পরিষদে (জেনারেল কাউন্সিল) আলোচনা শুরু হবে। এতে সদস্যদেশগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন।

বাণিজ্য–সুবিধা অব্যাহত রাখার প্রস্তাবটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ, আগামী ফেব্রুয়ারি মাসে এলডিসি থেকে বের হওয়ার চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আশা করছে বাংলাদেশ। চূড়ান্ত মনোনয়ন পেলে তিন বছর পর্যবেক্ষণের পর ২০২৪ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা দেওয়া হবে। এলডিসি থেকে বেরিয়ে গেলে বিশ্ববাজারে বাংলাদেশ এখন যে শুল্কমুক্ত কোটা, ফার্মাসিউটিক্যাল খাতে সুবিধা, সরবরাহ সক্ষমতা বৃদ্ধি ও তথ্যপ্রযুক্তি সহায়তাসহ অন্যান্য যেসব বাণিজ্য–সুবিধা পায়, সেগুলো প্রত্যাহার হওয়ার কথা।

এদিকে চাদের প্রস্তাব পর্যালোচনার পর আগামী বছরের জুন মাসে কাজাখস্তানে অনুষ্ঠেয় ডব্লিউটিওর দ্বাদশ মন্ত্রিপর্যায়ের সভায় তা অনুমোদনের জন্য উঠতে পারে। সেখানে অনুমোদন হলে বাংলাদেশ ২০৩৬ সাল পর্যন্ত এলডিসি হিসেবে সুযোগ-সুবিধা পাবে। আগামীকাল জেনেভায় ডব্লিউটিওর বৈঠকে চাদের প্রস্তাবটি বিভিন্ন দেশের প্রতিনিধিরা মূল্যায়ন করবেন। তবে চাদের প্রস্তাবের মূল্যায়নটি এক বৈঠকে শেষ হওয়ার সম্ভাবনা কম। এ নিয়ে একাধিক বৈঠক হতে পারে। কারণ সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা নিজ নিজ সরকারের সঙ্গে আলোচনা করে তবেই চূড়ান্ত মত দেবেন। দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, চাদের এই প্রস্তাব ৪৭টি স্বল্পোন্নত দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি সবার জন্য ভালো হবে। কারণ, করোনার কারণে সব এলডিসির অর্থনীতিতে আঘাত এসেছে। তাঁর মতে, উন্নত দেশগুলো এমনিতেই চাপে আছে। এখন দেখা যাক, তারা কী বলে। ৫-৬ বছরের জন্য সুবিধা অব্যাহত থাকলেও তা হবে সুখবর।

আগামী কয়েক বছরে বাংলাদেশসহ ১১টি দেশ এলডিসি থেকে বেরিয়ে যাবে। তবে আগামী বছর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হওয়ার জন্য সুপারিশ করতে পাঁচটি দেশকে বাছাই তালিকায় রেখেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। আগামী ২২-২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সভায় সিডিপি ত্রিবার্ষিক মূল্যায়ন করবে। ওই তালিকায় বাংলাদেশ আছে। অপর চার দেশ হলো নেপাল, মিয়ানমার, লাওস ও তিমুর লেসেতে। এর মধ্যে নেপাল ও তিমুর লেসেতে ২০১৮ সালেই সুপারিশ পাওয়ার কথা ছিল। কিন্তু সিডিপি ওই দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন টেকসই না হওয়ায় সুপারিশ করেনি। অবশ্য নেপাল তখনো ভূমিকম্পের ধকল কাটিয়ে উঠতে পারেনি। এবারের মূল্যায়নে করোনার প্রভাবও বিবেচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ অন্তত ছয় বছর সুবিধা চায়

বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিডিপির মূল্যায়নে আগামী বছর চূড়ান্ত মনোনয়ন পাবে বলে আশা করছে সরকার। এমন কথা জানিয়ে গত ৩০ নভেম্বর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন বাণিজ্যসচিব মো. জাফর উদ্দীনকে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের চ্যালেঞ্জ ও কোভিড–১৯–এর অভিঘাত মোকাবিলা এবং নির্ধারিত সময়ের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্য কমপক্ষে ২০৩০ সাল পর্যন্ত সব বাণিজ্য–সুবিধা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো কাজ করছে।

ইআরডি আরও বলেছে, কোভিড ১৯–এর অভিঘাত সত্ত্বেও অর্থনীতি ইতিবাচক ধারায় ফিরে আসার লক্ষ্য দৃশ্যমান হওয়ায় এলডিসি তালিকা থেকে বের হওয়ার বিষয়ে সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে।

যেভাবে উত্তরণ

এলডিসি থেকে উন্নয়নশীল দেশ হওয়ার স্বীকৃতি দেয় জাতিসংঘ। মাথাপিছু আয়, মানবসম্পদ, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা—এই তিন সূচক দিয়ে একটি দেশ উন্নয়নশীল দেশ হতে পারবে কি না, সেই যোগ্যতা নির্ধারণ করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। পুরো প্রক্রিয়াটি শেষ হতে অন্তত ছয় বছর আগে।

প্রথমেই ওই তিনটি সূচকের দুটিতে নির্ধারিত মান অর্জন করতে হয়। এ ছাড়া নির্ধারিত মাথাপিছু আয়ের দ্বিগুণ মাথাপিছু আয় হলে একটি দেশ উন্নয়নশীল দেশে উন্নীত হতে পারে। এবার সিডিপি সুখবর দিয়েছে। তিনটি সূচকের মান ২০১৮ সালের মতো থাকবে। ২০১৮ সালে তিনটি সূচকের সব কটিতেই মান অর্জন করে প্রাথমিক মনোনয়ন পেয়েছিল বাংলাদেশ।

২০১৮ সালের সিডিপির মূল্যায়নে দেখা গেছে, অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে বাংলাদেশের ২৫ পয়েন্ট রয়েছে। এলডিসি থেকে বের হওয়ার যোগ্যতা অর্জন করতে এ সূচকে ৩২ পয়েন্ট বা এর নিচে থাকতে হয়। মানবসম্পদ সূচকে ৬৬ বা এর বেশি পয়েন্ট পেতে হবে। বাংলাদেশের রয়েছে ৭২ দশমিক ৮ পয়েন্ট। মাথাপিছু আয় সূচকে ১ হাজার ২৩০ মার্কিন ডলার থাকতে হয়। বাংলাদেশের মাথাপিছু আয় ১ হাজার ২৭২ ডলার।