মেঘনা অর্থনৈতিক অঞ্চল
১২ বিদেশি কোম্পানির বিনিয়োগ
সব ধরনের সুযোগ–সুবিধা নিশ্চিত হওয়ায় অনেক বিদেশি বিনিয়োগকারী ব্যাপক আগ্রহ নিয়ে মেঘনা অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যোগাযোগ করছেন।
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি কোম্পানিগুলোর চোখ এখন নারায়ণগঞ্জের সোনারগাঁর মেঘনা অর্থনৈতিক অঞ্চলের দিকে। সেখানে ইতিমধ্যে ১২টি বিদেশি কোম্পানি বিনিয়োগ করেছে। এর মধ্যে জার্মানির তিনটি; অস্ট্রেলিয়া, জাপান ও চীনের দুটি করে; নরওয়ে, সুইজারল্যান্ড ও ভারতের একটি করে কোম্পানি রয়েছে।
দেশের অন্যতম শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপের মালিকানাধীন এই অর্থনৈতিক অঞ্চলে ১২টি বিদেশি কোম্পানি মোট ৮২১ কোটি টাকা বিনিয়োগ করেছে। দেশের বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে আর কোনোটি এখন পর্যন্ত এত বেশি বিনিয়োগ পায়নি। এসব বিদেশি কোম্পানিতে কর্মসংস্থান হবে প্রায় পাঁচ হাজার লোকের। এরই মধ্যে উৎপাদন কার্যক্রম শুরু করেছে চারটি বিদেশি কোম্পানি। চলতি বছরে আরও কয়েকটি কোম্পানির উৎপাদনে আসার রয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও মেঘনা গ্রুপ সূত্রে এসব তথ্য জানা গেছে। তারা বলছে, স্থানীয় লোকজন এ অর্থনৈতিক অঞ্চলে নিজেদের কর্মসংস্থানের আশা করছেন।
মেঘনা গ্রুপ নিজস্ব উৎস থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন পরিষেবা নিশ্চিত করছে। এসব কারণে বিদেশিরা মেঘনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন।
মেঘনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করা ১২ বিদেশি কোম্পানি হচ্ছে জার্মানির সিগওয়াক বাংলাদেশ লিমিটেড, সিএইচটি বাংলাদেশ লিমিটেড ও জার্মানির এমভি সলিউশন লিমিটেড; অস্ট্রেলিয়ার টিআইসি ম্যানুফ্যাকচারিং লিমিটেড ও টিআইসি ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড; চীনের ইস্মার্টু টেকনোলজি লিমিটেড ও অ্যাডভ প্রসেস কোম্পানি লিমিটেড; জাপানের সাকাতা লিমিটেড ও ডিআইসি বাংলাদেশ লিমিটেড; ভারতের সান ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নরওয়ের জতুন বাংলাদেশ লিমিটেড ও সুইজারল্যান্ডের সিকা বাংলাদেশ লিমিটেড।
এ অর্থনৈতিক অঞ্চলকে বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের কারণ হিসেবে মেঘনা গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এখানে বিদ্যুৎ, গ্যাস ও পানির সুবিধাসহ সব ধরনের পরিষেবার নিশ্চয়তাই তাঁদের বেশি আকৃষ্ট করেছে। এর ওপর এখানে আছে বর্জ্য শোধনাগার (ইটিপি) ও অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা। এসবের ফলেই বিদেশি বিনিয়োগকারীরা মেঘনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ নিয়ে আসছেন।
জানতে চাইলে চাইলে মেঘনা গ্রুপের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক সুমন চন্দ্র ভৌমিক প্রথম আলোকে বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তুলনামূলক কম মজুরিতে শ্রমিক পাওয়া যায়। আর এ অর্থনৈতিক অঞ্চলটি ঢাকার খুব কাছে। সবাই ঢাকার আশপাশেই জমি চায়। মেঘনা গ্রুপ সে ব্যবস্থা করে দিচ্ছে। তা ছাড়া মেঘনা গ্রুপ নিজস্ব উৎস থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন পরিষেবা নিশ্চিত করছে। এসব কারণে বিদেশিরা মেঘনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন।
মেঘনা গ্রুপ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ৯০ একর জমির ওপর অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তোলে। তারা ২০১৭ সালে সরকারের কাছ থেকে এ অর্থনৈতিক অঞ্চল করার চূড়ান্ত অনুমোদন পায়। বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের কারণে মেঘনা অর্থনৈতিক অঞ্চলের পরিসরও বাড়ছে। নতুন করে আরও ৩৩ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে। ফলে পুরো অর্থনৈতিক অঞ্চলের আকার বেড়ে দাঁড়াবে ১২৩ একর।
সারা দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে সরকার যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে, তারই একটি হলো মেঘনা অর্থনৈতিক অঞ্চল। সেখানে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে চীনা মোবাইল ফোন কোম্পানি ইস্মার্টু টেকনোলজি লিমিটেড। মেঘনা গ্রুপের তথ্য অনুযায়ী ইস্মার্টু টেকনোলজি এখন পর্যন্ত ১ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৫৩ কোটি টাকা।
ইস্মার্টু টেকনোলজির মোবাইল ব্র্যান্ডের নাম টেকনো। আফ্রিকা মহাদেশে মোবাইল ফোন বিক্রিতে টেকনোর নাম প্রথম সারিতে রয়েছে। ২০২০ সালে ইস্মার্টু টেকনোলজির সঙ্গে চুক্তি হয় মেঘনা গ্রুপের। চার একর জায়গার ওপর চলছে তাদের কারখানা নির্মাণের কাজ। চলতি বছরেই মোবাইল ফোন উৎপাদন শুরু করার কথা রয়েছে তাদের। তবে ইস্মার্টু টেকনোলজি অ্যাসেম্বলিং বা সংযোজন নয়, সরাসরি মোবাইল ফোনই উৎপাদন করবে। স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি হবে টেকনো ফোন।
মেঘনা অর্থনৈতিক অঞ্চলে আরেক বড় বিদেশি বিনিয়োগকারী হলো ভারতভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি চার একর জায়গার ওপর তাদের কারখানা গড়ে তুলছে। এখন পর্যন্ত কোম্পানিটি ১ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগ করেছে, যা বাংলাদেশের ১৩৬ কোটি টাকার মতো। এখানে ওষুধ উৎপাদন করে বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। আগামী জুনে সানের ওষুধ কারখানা নির্মাণের কাজ শেষ হওয়ার কথা।
জাপানের সাকাতা ইনক্স লিমিটেড এখন পর্যন্ত বিনিয়োগ করেছে ৮৯ কোটি টাকা। এরই মধ্যে প্রিন্টিং ও প্যাকেজিং–শিল্পের কালি উৎপাদন শুরু করেছে জাপানি প্রতিষ্ঠানটি। সাকাতার কারখানায় উৎপাদিত কালি স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে। ফলে আমদানিনির্ভর এ শিল্প খাতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। বিশ্বব্যাপী কালির বাণিজ্যে যুক্ত সাকাতা ইনক্স করপোরেশন ১৮৯৬ সালে জাপানের ওসাকায় প্রতিষ্ঠিত হয়। পরে ভারতসহ বিভিন্ন দেশে ব্যবসা বাড়ায় কোম্পানিটি।
জার্মানভিত্তিক প্রতিষ্ঠান সিএইচটি বাংলাদেশ লিমিটেড তাদের কারখানায় পরিবেশবান্ধব ডায়িং কেমিক্যাল উৎপাদন করবে। গত নভেম্বরে সিএইচটির সঙ্গে চুক্তি করে মেঘনা গ্রুপ। এটি শতভাগ রপ্তানিমুখী শিল্প। দুই একর জায়গার ওপর প্রতিষ্ঠিত হচ্ছে কারখানাটি।
অস্ট্রেলিয়ার প্যাক্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান টিআইসি ম্যানুফ্যাকচারিং লিমিটেড তিন দশক ধরে বিশ্বজুড়ে ব্যবসা করছে। টিআইসি বিশ্বব্যাপী রিটেইলার বা খুচরা বিক্রেতাদের কাছে রপ্তানির জন্য বাংলাদেশ পোশাক প্রস্তুতকারকদের কাছে প্লাস্টিকের গার্মেন্টস হ্যাঙ্গার সরবরাহ করবে।