১২ ব্রোকারেজ হাউসকে এক লাখ টাকা করে জরিমানা
পুঁজিবাজারে তালিকতাভুক্ত জেড ক্যাটাগরির শেয়ারে ঋণ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ১২টি ব্রোকারেজ হাউসকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ১ মার্চ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এসইসি সূত্রে জানা যায়।ব্রোকারেজ হাউসগুলো হচ্ছে—নভেলী সিকিউরিটিজ, সালাম অ্যান্ড কোম্পানি, আজম সিকিউরিটিজ, আল মুনতাহা সিকিউরিটিজ, সাবভেলী সিকিউরিটিজ, সিকিউরিটিজ ব্রোকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড, ওয়াইফেং সিকিউরিটিজ, মো. ফকরুল ইসলাম সিকিউরিটিজ, এলায়েন্স সিকিউরিটিজ, সিনহা সিকিউরিটিজ, আইল্যান্ড সিকিউরিটিজ ও ডিএসএফএম সিকিউরিটিজ।প্রসঙ্গত, ২০০৯-১০ সালে ২৩টি ব্রোকারেজ হাউস এসইসির বিধি লঙ্ঘন করে পুঁজিবাজারের তালিকাভুক্ত জেড ক্যাটাগরির শেয়ার ক্রয়ে গ্রাহকদের ঋণ দেয়। এতে দুর্বল মৌলভিত্তির জেড ক্যাটাগরির শেয়ারের দর অতিমূল্যায়িত হয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি এসইসির নির্দেশে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তদন্ত করে। পরে ডিএসইর তদন্তের ভিত্তিতে এসইসি সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোকে শুনানির জন্য নোটিশ দেয়। শুনানিতে ওই ব্রোকারেজ হাউসগুলোর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়। ওই ২৩টি ব্রোকারেজ হাউস ঋণ প্রদানে অনিয়মের অভিযোগ স্বীকার করে এসইসির কাছে ক্ষমা প্রার্থনা করে। গত বছরের ২৮ ডিসেম্বর এসইসির নিয়মিত সভায় ব্রোকারেজ হাউসগুলোর রিভিউ পিটিশন খারিজ করে শাস্তি হিসেবে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরের ১ মার্চ ওই ২৩টি ব্রোকারেজ হাউসের মধ্যে ১২টিকে এক লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্ত অবশিষ্ট ব্রোকারেজ হাউসগুলোকে কমিশনের পরবর্তী সভায় জরিমানা করা হবে বলে জানা গেছে।