১২ ব্রোকারেজ হাউসকে এক লাখ টাকা করে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ১২টি ব্রোকারেজ হাউসকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় সম্প্রতি এসব ব্রোকারেজ হাউসকে জরিমানা করার সিদ্ধান্ত হয়।ব্রোকারেজ হাউসগুলো হলো নভেলি সিকিউরিটিজ, সালাম অ্যান্ড কোম্পানি, আজম সিকিউরিটিজ, আল মুনতাহা সিকিউরিটিজ, সাবভেলি সিকিউরিটিজ, সিকিউরিটিজ ব্রোকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড, ওয়াইফেং সিকিউরিটিজ, মো. ফকরুল ইসলাম সিকিউরিটিজ, অ্যালায়েন্স সিকিউরিটিজ, সিনহা সিকিউরিটিজ, আইল্যান্ড সিকিউরিটিজ ও ডিএসএফএম সিকিউরিটিজ। হাউসগুলোর বিরুদ্ধে অভিযোগ, তারা এসইসির নিষেধাজ্ঞা অমান্য করে পুঁজিবাজারে তালিকতাভুক্ত অপেক্ষাকৃত দুর্বল মৌলভিত্তির কোম্পানি হিসেবে পরিচিত ‘জেড’ শ্রেণীর শেয়ারে গ্রাহকদের ঋণসুবিধা দিয়েছে। শেয়ারবাজারের আইন অনুযায়ী জেড শ্রেণীর শেয়ারে ঋণ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। উল্লেখ্য, যেসব কোম্পানি লভ্যাংশ দেয় না সেসব কোম্পানিকে জেড শ্রেণীর কোম্পানি বলা হয়। এসইসি সূত্র জানায়, ২০০৯-১০ সালে বেশ কিছু ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে জেড শ্রেণীর শেয়ারে ঋণসুবিধা দেওয়ার অভিযোগ পাওয়া যায়। দুর্বল মৌলভিত্তির জেড শ্রেণীর শেয়ারের দর অতি মূল্যায়িত হওয়ার এটা একটা বড় কারণ। এ পরিস্থিতিতে বিষয়টি এসইসির নির্দেশে ডিএসই তদন্ত করে। এতে ২৩টি ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে বিধি লঙ্ঘন করে জেড শ্রেণীর শেয়ার কেনার জন্য গ্রাহকদের ঋণ দেওয়ার প্রমাণ মেলে। পরে ডিএসইর তদন্তের ভিত্তিতে এসইসি সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোকে আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য তলব করে। কিন্তু ব্রোকারেজ হাউসগুলোর বক্তব্য এসইসিকে সন্তুষ্ট করতে পারেনি। পরবর্তী সময়ে ব্রোকারেজ হাউসগুলো ঋণ প্রদানে অনিয়মের অভিযোগ স্বীকার করে এসইসির কাছে ক্ষমা প্রার্থনা করে। গত বছর ২৮ ডিসেম্বর এসইসির নিয়মিত সভায় ব্রোকারেজ হাউসগুলোর রিভিউ পিটিশন খারিজ করে দেয় সংস্থাটি। এরপর চলতি বছর ১ মার্চ ওই ব্রোকারেজ হাউসগুলোর মধ্যে ১২টিকে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্ত অবশিষ্ট ১১টি ব্রোকারেজ হাউসের বিষয়ে পরবর্তী সভায় জরিমানার বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।