১২ সিরামিক কারখানা গ্যাস-সংকটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার, ধামরাই ও গাজীপুরের ১২টি সিরামিক কারখানা কয়েক মাস ধরে গ্যাস-সংকটে ভুগছে। চাহিদা অনুযায়ী গ্যাসের চাপ না থাকায় তৈজসপত্র, টাইলস ও স্যানিটারি পণ্য উৎপাদনকারী এসব কারখানায় দিনে গড়ে দুই কোটি টাকার পণ্য উৎপাদন কম হচ্ছে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, সিরামিক কারখানার উৎপাদন ক্ষমতাভেদে গ্যাস-সংযোগে ১০, ১২ ও ১৫ পিএসআই পর্যন্ত লোড (চাপ) অনুমোদন আছে। তবে গ্যাসের চাপ কোনো কোনো কারখানায় ২-৩ পিএসআই থেকে শূন্যের কোঠায় নেমে এসেছে। চাহিদা অনুযায়ী গ্যাসের চাপ না থাকায় উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে কারখানাগুলোর। ফলে নির্ধারিত সময়ে পণ্য রপ্তানি করতে না পারায় ক্রয়াদেশ বাতিল হয়ে যাচ্ছে।
গ্যাস-সংকটের কারণে যেসব কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, সেগুলো হলো টঙ্গীর পিপলস সিরামিক ও ঢাকা সিরামিক অ্যান্ড স্যানিটারিওয়্যার, গাজীপুরের জয়দেবপুরের স্ট্যান্ডার্ড সিরামিক, কাশিমপুরের শাইনপুকুর সিরামিকস, মির্জাপুরের প্যারাগন সিরামিক ও এটিআই সিরামিকস, শ্রীপুরের সানপাওয়ার সিরামিকস, ফুওয়াং সিরামিক ও হুয়া থাই সিরামিক, সাভারের মধুমতি সিরামিকস, ধামরাইয়ের মুন্নু সিরামিক এবং কালামপুরের প্রতীক সিরামিকস।
গ্যাসের সংকটে সিরামিক কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি ৭ ডিসেম্বর লিখিতভাবে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানিয়ে তা সমাধানের অনুরোধ করেছে বাংলাদেশ সিরামিক ওয়্যারস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিডব্লিউএমএ)। তবে বিষয়টি গত ২৪ অক্টোবর পেট্রোবাংলার চেয়ারম্যানকে লিখিত আকারে জানিয়েও কোনো সমাধান পায়নি সমিতি।
সমিতির নেতারা জানান, সিরামিকশিল্প সম্পূর্ণভাবে গ্যাসনির্ভর। এখানে বিকল্প কোনো জ্বালানি ব্যবহারের সুযোগ নেই। পণ্য তৈরিতে ক্লিন বা চুল্লিতে ফায়ারিং করার কারণে কারখানায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ থাকতে হয়। নির্দিষ্ট মাত্রার চাপ ছাড়া কোনোভাবেই চুল্লির ভেতরে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব নয়, বরং চাপ কমে গেলে পণ্যসামগ্রী নষ্ট হয়ে যায়। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় প্রতিষ্ঠানগুলোর। ক্লিন একবার বন্ধ হলে সেটি নির্দিষ্ট তাপমাত্রায় পুনরায় কর্মক্ষম হতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগে।
সমিতির সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন প্রথম আলোকে বলেন, চুল্লিতে একবারে পাঁচ হাজারের মতো সিরামিক পণ্য ঝলসানো হয়। কোনো কারণে গ্যাসের চাপ কমলে তাপমাত্রা কমে যায়। এতে পণ্যের রং সাদা না হয়ে হলুদ হয়। হলুদ হয়ে যাওয়া সিরামিক পণ্য কেউ কেনে না।
জানতে চাইলে গাজীপুর তিতাসের মহাব্যবস্থাপক আবদুল ওয়াদুদ বলেন, গ্যাসের সংকট আছে। তার ওপর বিদ্যুৎ ও সার কারখানায় গ্যাস দিতে হচ্ছে। ফলে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া যাচ্ছে না। শিগগিরই গ্যাস-সংকট সমাধানের আশা কম।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি]