১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি সাড়ে ১২ শতাংশ  নগদ লভ্যাংশ দেবে। হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পক্ষ থেকে আজ মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৪ মে।

এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের নিট মুনাফা হয়েছে ১৬ কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে আট কোটি টাকা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল চার কোটি টাকা। একই সময়ে এই প্রতিষ্ঠানের ইপিএস হয়েছে এক টাকা ৫৭ পয়সা, যা আগের বছরের চেয়ে ৯৭ পয়সা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল ৬০ পয়সা।