রোকেয়া ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের ১২০ কোটি টাকা ঋণ কেনার উদ্যোগ নিয়েছিল ন্যাশনাল ব্যাংক। তা আটকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ৮ আগস্ট ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ওই ঋণ কেনার সিদ্ধান্ত নেয়। তবে রোকেয়া ফুডের ব্যাংকিং লেনদেন সন্তোষজনক না হওয়ায় তা বাতিলের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে আটকে গেছে ঋণ দেওয়ার উদ্যোগ, বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির হিসাবও। এ ঘটনায় সতর্ক করা হয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে।
ঋণ আবেদনটি ন্যাশনাল ব্যাংকের মতিঝিল শাখা থেকে করা হলেও পরে তা দিলকুশা শাখায় স্থানান্তর করা হয়। গতকাল রোববার রাতে যোগাযোগ করা হলে দিলকুশা শাখার ব্যবস্থাপক ও ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ঋণ অনুমোদন হলেও পরে তা বাতিল করা হয়। হিসাব বন্ধ করে গ্রাহককে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে গত জুলাই-সেপ্টেম্বর—এ তিন মাসেই ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে ৮৪২ কোটি টাকা। ফলে সেপ্টেম্বর শেষে ব্যাংকটির খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ হাজার ৪২১ কোটি টাকা। আবার বর্তমান এমডি শরিফুল ইসলাম ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। চলতি মাসেই শেষ হচ্ছে তাঁর মেয়াদ।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জভিত্তিক রোকেয়া গ্রুপের প্রতিষ্ঠান রোকেয়া ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ ইউসিবির বিজয়নগর শাখার গ্রাহক। এর কর্ণধার সাইফুল ইসলাম। শাখায় প্রতিষ্ঠানটির ঋণ স্থিতি ১০০ কোটি টাকা। কয়েক দফায় ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর পর হিসাবটি নিয়মিত রাখা হয়েছে। এ ছাড়া এলটিআর (বিশ্বাসের ঋণ) ও ফোর্সড ঋণ রয়েছে অপরিশোধিত অবস্থায়। এমন অবস্থায় ন্যাশনাল ব্যাংকের মতিঝিল শাখা ওই ঋণ ক্রয়ে করে ইউসিবির দায় পরিশোধ করে আরও ২০ কোটি টাকা ঋণ দেওয়ার উদ্যোগ নেয়। গত ৮ আগস্ট ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় রোকেয়া ফুডের ১২০ কোটি টাকা ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়। তবে গ্রাহকের আগ্রহে হিসাবটি এর মধ্যে দিলকুশা শাখায় স্থানান্তর করা হয়।
বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসার পর পরিদর্শন করা হয়। এতে বেরিয়ে আসে, ইউসিবিতে গ্রাহকের লেনদেন সন্তোষজনক নয়। বিভিন্ন কৌশল অবলম্বন করে ঋণ হিসাবটি নিয়মিত রাখা হয়েছে। এ জন্য একাধিকবার মেয়াদও বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাহকের গুদামে পর্যাপ্ত মালামালও নেই। গ্রাহককে অতিরিক্ত ২০ কোটি টাকা ঋণ সুবিধা দিতেই কেনার উদ্যোগ নেয় ন্যাশনাল ব্যাংক। এ ক্ষেত্রে ন্যাশনাল ব্যাংক কোনো যাচাই-বাছাই করেনি। এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক ওই ঋণ অনুমোদনের সিদ্ধান্ত বাতিলের নির্দেশ দেয়। ব্যাংকটি পরবর্তী সময়ে অনুমোদন হওয়া ওই ঋণ বাতিল করে।
ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন, আর্থিক অবস্থার অবনতি, ঋণে অনিয়ম ও তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) হঠাৎ পদত্যাগের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ৪ অক্টোবর ব্যাংকটিকে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সে সময় শনিবার বন্ধের মধ্যেও জরুরি বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তা কার্যকর হয় ঈদের ছুটির পর ৮ অক্টোবর। এরপরই এমডিদের সুরক্ষা দিতে বিশেষ নীতিমালা করে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকটিকে পর্যবেক্ষক দায়িত্ব পালন করলেও প্রতিনিয়ত আর্থিক অবস্থার অবনতি হচ্ছে। মেয়াদ শেষ করতে পারছেন না বেশির ভাগ এমডি। বর্তমান এমডি শরিফুল ইসলামও রয়েছেন একই পথে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনিও পদত্যাগ করেছেন। চলতি মাসেই শেষ হচ্ছে তাঁর মেয়াদ।
এসব বিষয়ে ব্যাংকটির এমডি শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, গত সেপ্টেম্বর শেষে ব্যাংকটির খেলাপি হয়ে গেছে ১২ দশমিক ৯১ শতাংশ ঋণ। গত জুনেও খেলাপির হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। সেপ্টেম্বর শেষে ঋণ বিতরণ হয়েছে ১৮ হাজার ৭৫৬ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ২ হাজার ৪২১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা প্রথম আলোকে বলেন, পর্ষদের সভায় অনেক বিষয় থাকে। তবে পর্যবেক্ষক চেষ্টা করেন সাধ্যমতো ব্যাংকটিকে ভালো রাখার। পুনর্গঠন করা বেশ কিছু ঋণ আবার খেলাপি হয়েছে। এ কারণে খেলাপি ঋণ বাড়ছে। শুধু ন্যাশনাল ব্যাংক নয়, কয়েকটি ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে। এমডির পদত্যাগের বিষয়টি নজরে আসার পর খতিয়ে দেখা হবে।