১২০ কোটি মানুষের বিশাল বাজারের দিকে নজর দিন
ভারতের ১২০ কোটি মানুষের বিশাল বাজারের দিকে বাংলাদেশের ব্যবসায়ীদের নজর দিতে বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন।
এই কূটনীতিক বলেন, ‘বাংলাদেশ ১৬ কোটি মানুষের বাজার, যা রাশিয়ার চেয়েও বড়। আপনারা কেন আরও ১২০ কোটি মানুষের (ভারতের) বাজারটি ধরার চেষ্টা করছেন না। যেটা করছে প্রাণ-আরএফএল গ্রুপ। এটা করতে পারলে অনেক বহুজাতিক প্রতিষ্ঠানও বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসবে।’
ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) মাসিক মধ্যাহ্নভোজ সভায় পঙ্কজ সরন এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার আয়োজিত সভায় তিনিই ছিলেন প্রধান বক্তা।
বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি এখন ৬০০ কোটি ডলারের বেশি। ভারতে বাংলাদেশের রপ্তানি মাত্র ৫০ কোটি ডলারের।
এ প্রসঙ্গে পঙ্কজ সরন বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি বিশাল। এই ঘাটতি মেটানো কঠিন। ভারতে বাংলাদেশের রপ্তানি বাড়াতে আমরা অনেক দিন ধরেই রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার কথা বলে আসছি।’
অবশ্য দ্বিপক্ষীয় বাণিজ্য কম হওয়ার ক্ষেত্রে সীমান্ত অবকাঠামোর সমস্যাটিও বড় করে দেখছেন ভারতীয় হাইকমিশনার। তাঁর মতে, ‘সীমান্ত অবকাঠামো আরও উন্নত করতে হবে। এসব ১৯৪৭ সালে হয়েছিল। দুর্ভাগ্যজনক হলো এরপর আর দিল্লি কিংবা ঢাকা এগুলোর আধুনিকায়নে বেশি কিছু করেনি।’ ট্রানজিট প্রসঙ্গে তিনি বলেন, ‘৪২ বছর আগে ভারত-বাংলাদেশের মধ্যে ট্রানজিট চুক্তি সই হয়। এর মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে পণ্য ট্রানজিট হওয়ার কথা। কিন্তু এত বছরে ট্রানজিট হয়েছে শূন্য থেকে বড়জোর ১ শতাংশ।’
মংলা ও ভেড়ামাড়ায় ভারতের জন্য দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করছে বাংলাদেশ। পঙ্কজ সরন বলেন, ‘আমরা ভারতের কোম্পানিগুলোকে অনুরোধ করেছি তারা যেন অর্থনৈতিক অঞ্চলের পূর্ণ সদ্ব্যবহার করেন।’
বাংলাদেশ-ভারতের মধ্যে অভিন্ন অর্থনৈতিক সুযোগ-সুবিধা (কমন ইকোনমিক স্পেস) গড়ে তোলার তাগিদ দিয়ে ভারতীয় রাষ্ট্রদূত বলেন, সবাই জানে এই দুই দেশের বাজার একই রকম। সম্পদ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডসহ অনেক কিছুতেই মিল রয়েছে। তাই অভিন্ন অর্থনৈতিক সুযোগ-সুবিধার বিষয়টি ভেবে দেখা যেতে পারে।
ভারতের ব্যবসায়ীরা গত ৫-১০ বছরে বাংলাদেশে অনেক বিনিয়োগ করেছেন মন্তব্য করে পঙ্কজ সরন বলেন, ভারতের কোম্পানিগুলো এখন ভারতের বাইরে বিনিয়োগে ঝুঁকছে। তারা এখন বাংলাদেশকে ভালো বিনিয়োগ গন্তব্য হিসেবে চিন্তা করছে। এর মানে হলো বাংলাদেশে ভালো কিছু হচ্ছে।
সম্প্রতি ভারত-বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়কে ঐতিহাসিক ঘটনা উল্লেখ করেন পঙ্কজ সরন। তিনি বলেন, যেভাবে ছিটমহল সমস্যার সমাধান হলো, সেভাবে ভবিষ্যতে আরও অনেক সমস্যার সমাধান করা সম্ভব।
সভায় এফআইসিসিআই সভাপতি রূপালী চৌধুরী বলেন, দুই দেশের মধ্যকার বাণিজ্য এক হাজার কোটি ডলারে উন্নীত করতে হলে নতুন স্থলবন্দর করা, পণ্যের মানসনদ স্বীকৃতি দেওয়া, নেতিবাচক তালিকা থেকে পণ্য ছাঁটাই এবং ব্যাংকিং ও অর্থায়ন সহায়তা বাড়াতে হবে।