১২১৪টি বিসিক শিল্প-প্লটে কোনো কারখানা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) শিল্পনগরগুলোতে এক হাজার ২১৪টি শিল্পকারখানা করার মতো প্লট বরাদ্দ নিয়ে এখনো কারখানা গড়ে তোলেননি প্লট-মালিকেরা।
এর মধ্যে ৬৬৩টি শিল্পকারখানা গড়ে তোলার জন্য প্লট বরাদ্দ নিয়ে সেগুলো ফেলে রেখেছেন প্লট বরাদ্দ পাওয়া উদ্যোক্তারা। আর ৫৫১টি শিল্পকারখানা গড়ে তোলার কাজ এখন চলছে। এসব তথ্য অবশ্য নভেম্বর পর্যন্ত।
এ অবস্থায় এই এক হাজার ২১৪টি শিল্পকারখানার জন্য প্লট নেওয়া ব্যক্তিদের ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁদের কারখানা চালু করে উত্পাদন কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছে বিসিক কর্তৃপক্ষ। বিসিক বলছে, এ সময়ের মধ্যে কারখানা চালু করতে ব্যর্থ হলে এসব প্লটের বরাদ্দ বাতিল করা হবে। এ বিষয়ে ১৯ ডিসেম্বর বিসিকের প্রধান কার্যালয় থেকে সারা দেশে বিসিকের সব কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।
সারা দেশে বিসিকের শিল্পনগরগুলোতে উদ্যোক্তাদের প্লট বরাদ্দ নিয়ে ফেলে রাখার বিষয়ে গত ৫ অক্টোবর প্রথম আলোতে ‘হাহাকারের উল্টো পাশে অব্যবহার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ২৭ অক্টোবর বিসিকের চার আঞ্চলিক পরিচালককে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা) শিল্পনগরগুলোতে কী পরিমাণ প্লট অব্যবহূত পড়ে আছে, তা খতিয়ে দেখার জন্য চিঠি দিয়েছিল বিসিক কর্তৃপক্ষ। তখন এসব পরিচালককে বিসিকের জেলা প্রধান ও সংশ্লিষ্ট শিল্পনগরের কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়।
বিসিক বলছে, নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর মে-ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য একটি মহাপরিকল্পনা নেওয়া হয়। এর একটি হলো, প্লট বরাদ্দ নেওয়া উদ্যোক্তারা যদি ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁদের শিল্পকারখানা চালু করতে না পারেন, তাহলে সেসব প্লট বাতিল করা হবে।
যোগাযোগ করা হলে বিসিকের পরিচালক আবু তাহের খান প্রথম আলোকে বলেন, ‘ক্ষুদ্র ও কুটিরশিল্পের উদ্যোক্তারা প্লট নেওয়ার সময় কোন ধরনের শিল্প করবেন, কত দিনের মধ্যে করবেন, তা উল্লেখ করেন। আবার প্লট বরাদ্দ দেওয়ার সময় বিসিক কর্তৃপক্ষও এ বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়। কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে শিল্পকারখানা করছেন না অনেক উদ্যোক্তা।’
বিসিকের ৭৪টি শিল্পনগরে এখন মোট শিল্প-প্লট আছে ১০ হাজার ৩৩৮টি। এর মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে নয় হাজার ৮৫৩টি। এসব প্লটে শিল্পকারখানা হয়েছে পাঁচ হাজার ৭৪৯টি। তবে বর্তমানে উত্পাদনরত আছে চার হাজার ২৪৪টি শিল্পকারখানা। শিল্পকারখানা তৈরির কাজ চলছে ৫৫১টিতে। আর বন্ধ হয়ে আছে ২৯১টি শিল্পকারখানা।
বিসিকের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বিসিকের প্লট মূলত ৯৯ বছরের জন্য ইজারা দেওয়া হয়। উদ্যোক্তারা চাইলে একবারে প্লটের ইজারার পুরো অর্থ পরিশোধ করতে পারেন। আবার অর্ধেক নগদ এবং বাকিটা ১০ বছরে কিস্তিতেও পরিশোধ করতে পারেন। তবে ৯৯ বছরের ইজারা হলেও যেকোনো শর্ত ভঙ্গ করলে বিসিক ওই প্লট বাতিল করতে পারে।
বিসিক সূত্র বলছে, বর্তমানে ঢাকা বিভাগের আওতাধীন শিল্পনগরগুলোতে সবচেয়ে বেশি প্লট অব্যবহূত পড়ে আছে। ৩৪৯টি শিল্পকারখানা করার মতো প্লট এখানকার শিল্পনগরগুলোতে ফেলে রেখেছেন প্লট-মালিকেরা। তবে ঢাকার শিল্পনগরগুলোতে বর্তমানে ২৮৪টি শিল্পকারখানা গড়ে তোলার কাজ চলছে। অবশ্য ৮৬টি বিদ্যমান কারখানা এখন বন্ধ রয়েছে।
বিসিকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে এ বছরের ৫ জুনের পর থেকে এ পর্যন্ত কতগুলো প্লটের বরাদ্দ বাতিল করা হয়েছে, তা শিল্পনগরওয়ারি তালিকা আগামী ৭ জানুয়ারির মধ্যে বিসিকের এমআইএস, তদারক ও মূল্যায়ন বিভাগে পাঠাতে বলা হয়েছে। এ ছাড়া অব্যবহূত অবস্থায় পড়ে থাকা বাকি প্লটগুলোর বরাদ্দ কেন বাতিল করা হয়নি, তা ১২ জানুয়ারির মধ্যে একই বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।