১২৮ বছরের প্রথা ভাঙছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে এলে আগে জেটিতে ভিড়তে পারবে জাহাজ—চট্টগ্রাম বন্দরে কনটেইনার জাহাজের ক্ষেত্রে এমন নিয়ম এখন আর থাকছে না। বন্দরের একটি জেটি আগেভাগেই কনটেইনার জাহাজ পরিচালনাকারী এক প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে দেওয়ায় এ প্রথা ভেঙে যাচ্ছে।
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সঙ্গে কনটেইনার জাহাজ পরিচালনাকারী ফিডার অপারেটর ওরিয়েন্ট এক্সপ্রেস লাইনের (ওইএল) গত মঙ্গলবার জেটি ভাড়ার এ-সংক্রান্ত চুক্তি হয়েছে। অবশ্য এটি কার্যকর হতে আরও কিছু সময় লাগবে বলে জানা গেছে।
চুক্তি হওয়ার আগেই মঙ্গলবার সকালে বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে বন্দরকে চিঠি দিয়েছে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন এবং জেটি পরিচালনাকারীদের সংগঠন বার্থ অপারেটরস, শিপ হ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন৷
সিঙ্গাপুরে নিবন্ধিত ওইএলের সঙ্গে চুক্তি হওয়ায় বহির্নোঙরে অপেক্ষমাণ অন্য সব কনটেইনার জাহাজ ডিঙিয়ে এই প্রতিষ্ঠানের জাহাজকে নির্দিষ্ট জেটিতে ভেড়ানোর সুযোগ দিতে হবে বন্দরকে। প্রাতিষ্ঠানিকভাবে চট্টগ্রাম বন্দর চালু হওয়ার ১২৮ বছরের মধ্যে এই অভিনব নতুন পদ্ধতি চালু হতে যাচ্ছে। এ সিদ্ধান্তে বেকায়দায় পড়তে পারে চট্টগ্রাম বন্দর রুটে কনটেইনার জাহাজ পরিচালনাকারী ১১টি প্রতিষ্ঠান। কারণ, বন্দর জলসীমায় আগে পৌঁছলেও ওই নির্ধারিত জেটিতে জাহাজ ভেড়ানোর সুযোগ পাবে না এই ১১টি প্রতিষ্ঠানের জাহাজ। ওইএলের জাহাজ না থাকলে কেবল অন্য প্রতিষ্ঠানের জাহাজ জেটিতে ভেড়ানোর সুযোগ পাবে।
যোগাযোগ করা হলে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘বন্দর পর্ষদ সভার সিদ্ধান্ত নিয়ে নিউ মুরিং কনটেইনার টার্মিনালের একটি বার্থ তিন মাসের জন্য ভাড়া দেওয়ার চুক্তি হয়েছে। তবে টার্মিনালটির সব কটি জেটি পুরোদমে চালু হলেই এ চুক্তি কার্যকর হবে। একটি জেটি ভাড়া দেওয়া হলেও ওই প্রতিষ্ঠানের জাহাজ না থাকলে অন্য যেকোনো জাহাজ ওই জেটিতে ভেড়ানোর সুযোগ আছে। এটি কতটুকু ফলপ্রসূ হচ্ছে, তা আমরা দেখব। এ চুক্তি যেকোনো সময় বাতিলের ক্ষমতাও রাখে বন্দর কর্তৃপক্ষ।’
জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর, কলম্বো ও মালয়েশিয়ার চারটি বন্দরে ১২টি প্রতিষ্ঠানের এখন ৪৪টি কনটেইনার জাহাজ চলাচল করে। বর্তমানে বন্দরে চালু থাকা ১০টি কনটেইনার জেটিতে এসব জাহাজ ভেড়ানো হয়। জাহাজের সংখ্যা বেশি হলে অনেক সময় বহির্নোঙরে কনটেইনার জাহাজগুলোকে অপেক্ষা করতে হয়।
নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নির্দিষ্ট জেটিতে কোনো জাহাজ না থাকলেও জেটি ব্যবহারের ভাড়া পাবে বন্দর। ওরিয়েন্ট এক্সপ্রেস লাইন ওই জেটির মাশুল শোধ করবে। তবে জেটিতে ভেড়ানোর জন্য তাদের কোনো জাহাজকে বহির্নোঙরে অপেক্ষা করতে হবে না। জেটিতে ভেড়ানোর জন্য জাহাজ অপেক্ষায় থাকার খরচ বন্দরের মাশুলের চেয়ে বেশি। একটি কনটেইনার জাহাজ এক দিন বহির্নোঙরে অলস বসে থাকলে সব মিলিয়ে খরচ হয় ৮ থেকে ১০ হাজার ডলার। আর বন্দরের জেটি ব্যবহারের জন্য প্রতিদিনের জন্য জাহাজের ওজনভেদে কমবেশি এক হাজার ডলার ভাড়া শোধ করতে হয়।
নতুন এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবহারকারীরা। যোগাযোগ করা হলে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বন্দরের নিয়মানুযায়ী কোনো প্রতিষ্ঠানের সঙ্গে অগ্রিম জেটি ভাড়া দেওয়ার সুযোগ নেই। কারণ, ১২৮ বছর ধরে আগে এলে আগে জেটিতে ভিড়তে পারবে—এই নিয়মেই চলছে। নতুন সিদ্ধান্তে এই বন্দরে কনটেইনার জাহাজ চলাচলে প্রতিযোগিতা ব্যাহত হবে। সরকারি বন্দর হিসেবে সবার জন্য সমান সুযোগ থাকা উচিত।’
বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, ‘এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে আমরা চিঠি দিয়েছি। কারণ, এককভাবে কাউকে সুবিধা দেওয়ায় এই খাতে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হবে। অন্য জেটিতে শ্রমিকদের কর্মসংস্থানও হুমকির মুখে পড়বে।’