১৩ ক্ষুদ্র উদ্যোক্তাকে পুরস্কার দিল ব্র্যাক ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের (এসএমই) ১৩ জন সেরা উদ্যোক্তাকে পুরস্কার দিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এক উদ্যোক্তা সম্মেলনে তিন শ্রেণীতে এ পুরস্কার দেওয়া হয়। ‘ব্র্যাক ব্যাংক এসএমই উদ্যোক্তা সম্মেলন’ শীর্ষক দিনব্যাপী এ আয়োজনে সারা দেশ থেকে দুই হাজারের বেশি উদ্যোক্তা যোগ দেন। তাঁরা নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং এসএমই খাতের বিভিন্ন প্রতিবন্ধকতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ ছাড়া তাঁরা সম্মেলনের নেটওয়ার্কিং পর্বে ব্যবসা সম্প্রসারণে অংশীদার খুঁজে নেওয়ার সুযোগ পান।ঢাকায় মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গতকাল শনিবার আয়োজিত এ সম্মেলনে সেরা উদ্যোক্তাদের হাতে পুরস্কারগুলো তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পরিচালক শিব নারায়ণ কৈরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক মহিউদ্দীন এবং গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ উপস্থিত ছিলেন।সম্মেলনে ‘নারী উদ্যোক্তা পুরস্কার’ দেওয়া হয় আক্তার আনার বেগম, গুলশানারা পারভীন, নাজমা আরিফ ও মিসেস পারভীনকে। ‘সৃজনশীল উদ্যোক্তা পুরস্কার’ পান মোহাম্মদ মনজু ও সুদীপ্ত সরকার পল। আর ‘আস্থা পুরস্কার’ লাভ করেন মোহাম্মদ আফজাল হোসাইন সরকার, মোহাম্মদ আলমগীর হোসাইন, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ আশানুর রহমান, মোহাম্মদ নূর আলম, মোহাম্মদ পার্কিশ খান, স্বদেশ চন্দ্র দত্ত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এসএমই উদ্যোক্তারাই সচল রাখছেন অর্থনীতির চাকা।