১৩ প্রতিষ্ঠানের জন্য ১০ কোটি ৬৬ লাখ ডলার বিদেশি ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতের ১৩ শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের জন্য ১০ কোটি ৬৬ লাখ ডলারের বিদেশি ঋণ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ পরিমাণ বিদেশি ঋণ অনুমোদন পেয়েছে টেলিকম খাতের কোম্পানি এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। বহুজাতিক প্রতিষ্ঠানটিকে এককভাবে সাড়ে চার কোটি ডলার বিদেশি ঋণ গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।
বেসরকারি খাতে বিদেশি ও সরবরাহ ঋণ অনুমোদন-সংক্রান্ত সরকারি উচ্চপর্যায়ের কমিটির সভায় গতকাল রোববার এসব ঋণ অনুমোদন করা হয়। বিনিয়োগ বোর্ডের নেতৃত্বে গঠিত ঋণ নিরীক্ষাসংক্রান্ত কমিটি এ ধরনের ঋণ অনুমোদন করে থাকে। কমিটিতে বাংলাদেশ ব্যাংক, প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। কমিটির গতকালের সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
সভা শেষে কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি পঞ্জিকা বছরে প্রথমবারের মতো গতকাল কমিটির সভা হয়েছে। তাতে ১০৬ দশমিক ৬ মিলিয়ন বা ১০ কোটি ৬৬ লাখ ডলারের ঋণ অনুমোদন করা হয়। যেসব প্রতিষ্ঠানের বিপরীতে এই ঋণ অনুমোদন দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে শাহ সিমেন্ট, এয়ারটেল বাংলাদেশ, প্রিমিয়ার সিমেন্ট, সামুদা কেমিক্যাল, রহিমআফরোজ অ্যাকুমুলেটরস, জেনেসিস ফ্যাশনস, কারুপণ্য লিমিটেড, এনভয় টেক্সটাইল, রোজ ড্রেসেস, প্লুমি ফ্যাশনস ও অ্যাডভান্সড এক্সেসরিজ।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে শাহ সিমেন্টকে দুই কোটি, সামুদা কেমিক্যালকে এক কোটি ২৭ লাখ, প্রিমিয়ার সিমেন্টকে ৪৫ লাখ, রহিমআফরোজকে ৩০ লাখ, জেনেসিস ফ্যাশনসকে ৫০ লাখ, কারুপণ্যকে ৩০ লাখ, এনভয় টেক্সটাইলকে ৩৫ লাখ, রোজ ড্রেসেসকে ২৫ লাখ, প্লুমি ফ্যাশনসকে ২৮ লাখ মার্কিন ডলার ঋণ গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ছয় মাসের লাইবরের (লন্ডন আন্তব্যাংক অফার রেট) সঙ্গে অতিরিক্ত সাড়ে ৪ শতাংশ যোগ করে এসব ঋণের সুদের হার নির্ণীত হবে।
দেশীয় ব্যাংকের চেয়ে সুদের হার কম হওয়ায় গত কয়েক বছরে দেশি প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে কম সুদে ঋণ গ্রহণের প্রতি ঝুঁকছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত।
জানা গেছে, ২০১৩ সালে মোট ১১৮ কোটি ৮৪ লাখ ডলারের বিদেশি ঋণ অনুমোদন করা হয়, যা ২০১২ সালে ছিল ১৪৯ কোটি দুই লাখ ডলার। আর ২০১১ সালে ছিল মাত্র ৮১ কোটি ৮৮ লাখ ডলার। এসব ঋণের সিংহভাগই গেছে টেলিযোগাযোগ, বিদ্যুৎ ও বস্ত্র খাতে।