১৩ ফেব্রুয়ারি ডিএসইর এজিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিমিউচুয়ালাইজেশন-পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পরিচালক নির্বাচন।

আজ মঙ্গলবার বিকেলে ডিএসইর পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর সভাপতি আহসানুল ইসলাম সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আহসানুল ইসলাম ‘প্রথম আলো’কে বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় হোটেল ওয়েস্টিনের বলরুমে ডিএসইর এজিএম অনুষ্ঠিত হবে। এর আগে ১২ ফেব্রুয়ারি ডিএসইর ট্রেক হোল্ডারদের মধ্য থেকে চারজন পরিচালক নির্বাচন করা হবে। আগামীকাল বুধবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ডিএসই সূত্রে জানা যায়, ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে এজিএম ও নির্বাচন অনুষ্ঠানে বাধ্যবাধকতা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ১৩ ফেব্রুয়ারি এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছে। এজিএমের রেকর্ড ডেট ১৫ জানুয়ারি।

প্রসঙ্গত, ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী স্টক এক্সচেঞ্জে মোট ১৩ জন পরিচালক থাকবেন। এর মধ্যে সাতজন থাকবেন স্বতন্ত্র পরিচালক। বাকি ছয়জনের মধ্যে চারজন ট্রেক হোল্ডার, একজন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং একজন স্ট্র্যাটেজিক পরিচালক।