দীর্ঘ ১৩ বছর পর লালমনিরহাট চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২০১২-১৪ সময়কালে দুই বছরের জন্য চেম্বারের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ আবদুল হামিদ। এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে ফজলুল হক ও কনিষ্ঠ সহসভাপতি পদে এ কে এম কামরুল হাসান নির্বাচিত হয়েছেন। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত শনিবার সরাসরি ভোটের মাধ্যমে চেম্বারের পরিচালক পদে ১৮ জনকে নির্বাচিত করেন সাধারণ সদস্যরা। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে ৩৯৯ জন সাধারণ সদস্যের মধ্যে ভোট দেন ৩৮৮ জন। আর ১৪২ জন সহযোগী সদস্যের মধ্যে ভোট দেন ১৩৮ জন। সাধারণদের ভোটে ১২ ও সহযোগীদের ভোটে ছয়জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে বাবু-ফজলুল প্যানেল থেকে ১৫ ও বাকি তিনজন জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।নির্বাচন পরিচালনা করেন চেম্বারের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ও লালমনিরহাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাসাররফ হোসাইন। নির্বাচন বোর্ডের সদস্য ছিলেন জেলার রূপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম ও আইনজীবী মশিউর রহমান।গতকাল সোমবার পরিচালকদের ভোটে সভাপতি ও দুজন সহসভাপতি নির্বাচিত হন। তাঁরা তিনজনই সরাসরি ভোটে পরিচালক পদে নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত অন্য পরিচালকেরা হলেন আবদুল মজিদ, শাহজাহান প্রামাণিক, হুমায়ুন কবীর, শাহ আলম শেখ, খোরশেদ আহমেদ, হাবিবুর রহমান, সেকেন্দার আলী, কামরুজ্জামান বাহার, সঞ্জীব কুমার সাহা, মো. সেলিম, এনামুল হক, মোফাজ্জল হোসেন, মনির হোসেন, সাইফুল ইসলাম ও রেজাউল হক পাটোয়ারী।