১৩ বছরে প্লাস্টিক শিল্পনগরের কাজই শুরু হয়নি

পুরান ঢাকা থেকে প্লাস্টিক কারখানা সরাতে সমঝোতা স্মারক সই হয় ২০০৬ সালে। কথা ছিল, প্লাস্টিক শিল্পনগর প্রতিষ্ঠা করে সেখানে কারখানাগুলোকে জমি দেওয়া হবে। এ জন্য প্রকল্প হাতে নিতেই লেগে যায় ৯ বছর। ২০১৫ সালের ডিসেম্বরে অনুমোদিত এই প্রকল্প বাস্তবায়নের কাজ গত জুনের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু প্লাস্টিক শিল্পনগরের জমি অধিগ্রহণের প্রক্রিয়াই এখনো শেষ হয়নি।
ঢাকার কেরানীগঞ্জে প্রাইম প্লাস্টিক পেট অ্যান্ড প্লাস্টিক কারখানায় সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানির পর বিষয়টি আবার সামনে এসেছে। প্লাস্টিক শিল্পনগর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বলছে, জমি অধিগ্রহণে জটিলতার কারণে প্রকল্প বাস্তবায়নে দেরি হয়েছে।
বিশেষ করে পুরান ঢাকার ছোট ও মাঝারি প্লাস্টিক কারখানাগুলোকে পরিকল্পিত শিল্পনগরে সরিয়ে নিতে ব্যবসায়ীরা বহুদিন ধরে দাবি জানিয়ে আসছেন। ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি প্লাস্টিক মেলার উদ্বোধন অনুষ্ঠানে তৎকালীন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘মহাজোট সরকারের মেয়াদকালেই দেশে প্লাস্টিক শিল্পনগর স্থাপনের কাজ শেষ হবে। এ জন্য শিল্প মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিকের মাধ্যমে ইতিমধ্যে প্রকল্প এলাকা নির্ধারণ করা হয়েছে।’
এরপর ২০১৪ সালে নতুন নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার আবার যখন ক্ষমতায় আসে, তখন শিল্পমন্ত্রী হন আমির হোসেন আমু। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে তিনি বলেন, ২০১৮ সালের জুনের মধ্যে প্রকল্পটির বাস্তবায়ন শেষ হবে। কিন্তু তা হয়নি।
২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করলে শিল্পমন্ত্রীর দায়িত্ব পান নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। আবার শিল্পসচিব হিসেবে দায়িত্ব নেন মো. আবদুল হালিম। বিসিকের নতুন চেয়ারম্যান হন মো. মোস্তাক হাসান। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত ফেব্রুয়ারিতে পুরান ঢাকার চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে অন্তত ৭৮ জনের মৃত্যুর পর থেকে মন্ত্রণালয় ও বিসিক শিল্পনগরের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
প্লাস্টিক শিল্পনগর হবে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী সেতুর পশ্চিম পাশে ৫০ একর জমির ওপর। এ জন্য নেওয়া প্রকল্প ২০১৫ সালের ডিসেম্বরে অনুমোদিত হয়। ১৩৩ কোটি টাকা ব্যয়ে এই শিল্পনগরে ৩৭০টি প্লট তৈরি করা হবে। এতে প্রায় ৩৬০টি প্লাস্টিক কারখানা স্থাপন করার কথা।
>২০১২ সালে তৎকালীন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, মহাজোট সরকারের মেয়াদের মধ্যেই প্লাস্টিক শিল্পনগরের কাজ শেষ হবে
২০১৭ সালে তখনকার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ২০১৮ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা বলেন
বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) জানায়, তাদের সদস্যসংখ্যা প্রায় আড়াই হাজার। এর মধ্যে বেশির ভাগ কারখানাই পুরান ঢাকায়। এর বাইরে আরও কারখানা রয়েছে। পুরান ঢাকায় প্লাস্টিক কারখানা গড়ে ওঠা শুরু করে স্বাধীনতারও আগে। অপরিকল্পিত এসব কারখানায় দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেই। আগুন লাগলে সরু গলি দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে যেতে পারে না। এ জন্যই প্লাস্টিক কারখানা পরিকল্পিত শিল্পনগরে সরিয়ে নেওয়ার প্রকল্প নেওয়া হয়।
বিসিক সূত্র জানায়, প্লাস্টিক শিল্পনগরের ৫০ একর জমির মধ্যে ৩২ একর খাসজমি। ওই জমিতে অবৈধ দখলদারদের বসবাস। তাদের বাধার কারণে জমি অধিগ্রহণে দেরি হয়েছে।
প্লাস্টিক শিল্পনগর প্রকল্পের পরিচালক মো. নিজাম উদ্দিন গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসন জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ করে এনেছে। এখন সর্বশেষ ৭ ধারার নোটিশ জারি করা হবে। তিনি বলেন, জমি পাওয়ার পর দ্রুত কাজ করা হবে।
বিপিজিএমইএর সভাপতি মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, প্লাস্টিক ও রাসায়নিক কারখানা পুরান ঢাকা থেকে সরিয়ে পরিকল্পিত শিল্পনগরে নেওয়া সম্ভব হলে দুর্ঘটনায় মানুষের মৃত্যু ঠেকানো যেত। শিল্প খাতেরও উন্নতি হতো।
অবশ্য জসিম উদ্দিন মনে করেন, প্লাস্টিক শিল্পনগরের ৫০ একর জায়গায় সব কারখানা সরানো যাবে না। এ জন্য তাঁরা রাসায়নিক শিল্পনগরে ১০০ একর জমি চেয়েছেন। এর পাশাপাশি তাঁরা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) দোহারে যে শিল্পনগর করবে, সেখানেও জমি চেয়েছেন।