দেশের শেয়ারবাজারে গতকাল রোববার এক বছরের মধ্যে সূচকের সর্বোচ্চ পতন ঘটেছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক এক দিনেই কমেছে প্রায় ৫ শতাংশ বা ১৯৮ পয়েন্ট। এর ফলে দিন শেষে ডিএসইর সাধারণ সূচক চার হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে গেছে।ডিএসইর তথ্য অনুযায়ী, এর আগে সর্বশেষ ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি ডিএসইর সাধারণ সূচক প্রায় ৬ শতাংশ বা ২৩০ পয়েন্ট কমেছিল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় সাড়ে ৪ শতাংশ বা ৫৬৭ পয়েন্ট কমেছে। দুই বাজারে গতকালের দরপতন এতটাই তীব্র ছিল যে দিন শেষে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকাটি অপূর্ণাঙ্গ ছিল।কয়েক দিন ধরে বাজার দরপতনের ধারায় ছিল। এর পেছনে অনেকে অনেক কারণ উল্লেখ করলেও তথ্যপ্রমাণের ভিত্তিতে এই দরপতনের সঠিক কারণ কেউ বলতে পারেননি। এমন অবস্থায় গতকালের এত বড় পতনের কোনো যৌক্তিক কারণ দেখছেন না বাজারসংশ্লিষ্ট ও বিশেষজ্ঞরা। তবে দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা একটি কারণ হতে পারে বলে মত দিয়েছেন তাঁরা। বিশেষজ্ঞরা এও বলছেন, রাজনৈতিক অস্থিরতা কাজে লাগিয়ে কেউ সংঘবদ্ধভাবে বাজারে এমন পতন ঘটাচ্ছে কি না, নিয়ন্ত্রক সংস্থার উচিত সেটি গভীরভাবে খতিয়ে দেখা। জানতে চাইলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ও পুঁজিবাজার বিশেষজ্ঞ ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘বাজার বর্তমানে যে অবস্থায় রয়েছে, তাতে এ ধরনের পতনের যৌক্তিক কোনো কারণ নেই। অর্থনীতিতে এমন কোনো ঘটনা ঘটেনি, যার কারণে এক দিনেই সূচক ৫ শতাংশের বেশি পড়ে যাবে।’ ফারুক আহমেদ সিদ্দিকী আরও বলেন, ‘যেকোনো কারণেই হোক, বিনিয়োগকারীদের মধ্যে আবারও আতঙ্ক তৈরি হয়েছে। আত্মবিশ্বাসে চিড় ধরেছে। এরই তাৎক্ষণিক প্রভাব হিসেবে গতকালের এত বড় দরপতন। এই আস্থাহীনতার একটি কারণ হয়তো রাজনৈতিক অস্থিরতা। কিন্তু আমার কাছে তার চেয়েও বড় কারণ মনে হয় বিনিয়োগকারীদের স্বল্প মেয়াদে মুনাফার মাত্রাতিরিক্ত প্রত্যাশা। তা না হলে এমন বাজারে আতঙ্কিত হয়ে ভালো তাঁরা কোম্পানির শেয়ার বিক্রি করবেন কেন।’ ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ৯৬ শতাংশেরই দরপতন ঘটেছে। এদিন ডিএসইতে ২৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৫৩টি কোম্পানিরই শেয়ারের দাম কমেছে, বেড়েছে মাত্র নয়টির আর অপরিবর্তিত ছিল দুটি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইতে চালু হওয়া নতুন সূচক ডিএসইএক্স ৫ দশমিক ২২ শতাংশ বা ২০৭ পয়েন্ট কমে নেমে এসেছে তিন হাজার ৭৬৬ পয়েন্টে। গত ২৭ জানুয়ারি নতুন সূচকটি চালু হওয়ার পর এটাই সর্বনিম্ন অবস্থান। আর সাধারণ সূচক এদিন কমে দাঁড়িয়েছে তিন হাজার ৮৪৯ পয়েন্টে। প্রায় ১৩ মাস পর এটাই সাধারণ সূচকের সর্বনিম্ন অবস্থান। ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি সর্বশেষ ডিএসইর সাধারণ সূচক তিন হাজার ৮১০ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল। তবে বড় ধরনের দরপতনের এই দিনেও ঢাকার বাজারে লেনদেন কিছুটা বেড়েছে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৬৩ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ৪৯ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে গতকাল লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ৯৭ শতাংশেরই দাম কমেছে। এদিন সিএসইতে ১৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। সেখানকার বাজারে এদিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪২ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ১৪ কোটি টাকা কম।