১৩ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার
চলতি পঞ্জিকা বছরের জন্য ১৩ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার। আবুধাবি ও সৌদি আরব থেকে এ তেল আমদানিতে ৯ হাজার ৩৭৩ কোটি টাকা ব্যয় হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সচিবালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
সূত্র জানায়, বর্তমান দামের দ্বিগুণেরও বেশি দরে তেল আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে।
জানতে চাইলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ মে বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, ‘একটা দাম ধরে হিসাব করতে হয়। আর এ প্রস্তাবটা গত ডিসেম্বরের। তবে যে দামেই অনুমোদিত হোক না কেন, তেল কেনা হয় বাজার দামে।’
জ্বালানি তেল আমদানিসহ বৈঠকে মোট ১২টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান যুগ্ম সচিব। এর মধ্যে রয়েছে ৯৭ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে গোপালগঞ্জে নির্মিতব্য সরকারি মালিকানাধীন এসেনশিয়াল ড্রাগস কোম্পানির তৃতীয় কারখানা নির্মাণকাজের ঠিকাদার নিয়োগও। কাজটি পেয়েছে ‘বাংলাদেশ ফাউন্ড্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড’।
বাংলাদেশ কোস্টগার্ডের জন্য ২৮০ কোটি টাকা ব্যয়ে সমুদ্রগামী জলযান ও অবকাঠামো নির্মাণ (সংশোধিত) প্রকল্পের আওতায় দুটি ফাস্ট পেট্রোল বোট ও দুটি ইনসোর পেট্রোল ভেসেল কেনার পৃথক প্রস্তাবও গতকাল অনুমোদিত হয়েছে। কাজ পেয়েছে ডকইয়ার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড।
পল্লি এলাকায় ১৮ লাখ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ-সংযোগ সম্প্রসারণ প্রকল্পের আওতায় অনুমোদন দেওয়া হয়েছে চারটি প্রস্তাব। এর মধ্যে ৬৮ কোটি টাকার কনডাক্টর ও ইনসুলেটেড সরবরাহ করবে বিআরবি কেব্লস, বিএনটি কেব্লস এবং এসবিএস কেব্লস। টেকনো ভেঞ্চার লিমিটেড, টিএস ট্রান্সফরমারস লিমিটেড ও কনফিডেন্টস ইলেকট্রিক কাজ পেয়েছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কেনার।
যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ইস্পাত কাঠামোর মাল্টি-টিনান্ট ভবনের ৫ম-১৫ তলা পর্যন্ত নির্মাণকাজের দরপত্র অনুমোদন দেওয়া হয়েছে। যৌথভাবে এ কাজ পেয়েছে এসিএল ও এমএস বিপিএল। এতে ব্যয় হবে ৭৭ কোটি ৯৮ লাখ টাকা।
জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় নয়নপুর (মাওনা) থেকে রায়মণি (ত্রিশাল) পর্যন্ত ২৯ দশমিক ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নকাজে ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় বেড়েছে ১১ কোটি ৯৩ লাখ টাকা।
এ ছাড়া বৈঠকে ৫০ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রতি টন গমের দাম ২৫৬ দশমিক ৩২ ডলার। এতে ব্যয় হবে ১০১ কোটি ৩৪ লাখ টাকা।
ক্রয় কমিটির বৈঠকের আগে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাগেরহাট জেলার রামপালে বিউবোর অধিগ্রহণকৃত ৯১৮ দশমিক ৫০ একর জমিতে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট (বিডিপি) কর্তৃক বাঁধ নির্মাণসহ ভূমি উন্নয়নকাজ সম্পাদনে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের নীতিগত অনুমোদন দেওয়া হয়।