১৩৭টি সুপারিশের খসড়া প্রস্তাবের মধ্য দিয়ে ঢাকায় আজ শুক্রবার শেষ হলো স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) প্রতিনিধিদের আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যত ভালো দলিল বা সুপারিশই করা হোক না কেন রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সেটি বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই এলডিসির সমস্যা সমাধানে উন্নত দেশগুলোর রাজনৈতিক সমর্থন দরকার। এই রাজনৈতিক সমর্থন পাওয়ার জন্য প্রথম পদক্ষেপ স্বল্পোন্নত দেশগুলোর সরকারের রাজনৈতিক অঙ্গীকার।‘স্বল্পোন্নত বিশ্বের উন্নয়নে নতুন বৈশ্বিক অংশীদারিত্ব সন্ধান: প্রেক্ষাপট ইউএন এলডিসি-৪’ শীর্ষক এ আন্তর্জাতিক সংলাপে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তুরস্কের ইস্তাম্বুলে আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় চতুর্থ এলডিসি সম্মেলনকে সামনে রেখে ঢাকায় যৌথভাবে এই সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও প্যারিসভিত্তিক ওই সিডি ডেভেলপমেন্ট সেন্টার। গত বুধবার এ সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী। আজ সমপানী অনুষ্ঠানে বক্তব্য দেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, ইআরডি সচিব মোশাররফ হোসেন ভুইয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।