অস্বাভাবিকভাবে দাম বাড়ার কারণে সম্প্রতি স্থগিত করা ১৩ কোম্পানির লেনদেন আবার চালু হচ্ছে। তবে আগামী রোববার থেকে এসব কোম্পানির শেয়ার নগদ লেনদেনের বাজারে (স্পট মার্কেট) বেচাকেনা হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বাজার পর্যালোচনা কমিটির সভায় গতকাল মঙ্গলবার কোম্পানিগুলোর লেনদেন চালুর ব্যাপারে সিদ্ধান্ত হয়। একই বৈঠকে ওষুধ খাতের কোম্পানি ফার্মা এইডসের লেনদেন চালু করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে স্থগিত থাকা ১৪টি কোম্পানির লেনদেন চালুর সিদ্ধান্ত হয়েছে এ বৈঠকে। যোগাযোগ করা হলে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করেই কোম্পানিগুলোর লেনদেন বন্ধ করা হয়েছিল। আবার তাঁদের কথা ভেবেই লেনদেন চালুর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।’ আনোয়ারুল কবীর আরও বলেন, কোম্পানিগুলোর মূলধন কম হওয়ায় কৃত্রিমভাবে দাম বাড়ানোর সুযোগ বেশি থাকে। এ কারণেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। অস্বাভাবিক হারে লভ্যাংশ ঘোষণা ও দাম বাড়ার কারণে গত ১ নভেম্বর এসইসি ফার্মা এইডসের লেনদেন স্থগিত করে। কোম্পানিটি গত ২৮ অক্টোবর অতীতের ধারাবাহিকতার বিপরীতে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ ও ৫০০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দেয়। এর প্রভাবে সাড়ে সাত হাজার টাকা মূল্যের শেয়ারটির দাম বেড়ে সর্বোচ্চ ২৫ হাজার টাকায় লেনদেন হয়। এর পরের দিন বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করে সংস্থাটি। তবে তদন্তে কী পাওয়া গেছে তা এখনো প্রকাশ করা হয়নি। এর বাইরে যেসব কোম্পানির লেনদেন চালু হচ্ছে সেগুলো হলো সোনালি আঁশ, মিথুন নিটিং, তাল্লু স্পিনিং, সাফকো স্পিনিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক, আজিজ পাইপস, বাংলাদেশ অটোকারস, ইউনাইটেড এয়ারওয়েজ, দেশ গার্মেন্টস, ঢাকা ডায়িং, এমবি ফার্মা ও সিএমসি কামাল। দেশের দুই স্টক এক্সচেঞ্জ এসইসির নির্দেশে গত ২৩ নভেম্বর কোম্পানিগুলোর লেনদেন স্থগিত করে। এর এক দিন আগে এসইসি বাজারে তারল্যপ্রবাহ নিয়ন্ত্রণ করতে ঋণসুবিধা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়। এতে বড় মূলধনের কোম্পানিগুলোর শেয়ারের দামে নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু উল্লিখিত কোম্পানিগুলোসহ ২৬টি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। দাম বাড়ার হার এতটাই ছিল যে, একপর্যায়ে এক দিনে দাম বাড়ার সর্বোচ্চ সীমায় (সার্কিট ব্রেকার) লেনদেন আটকে যায় অনেক কোম্পানির। আবার কোনো কোনো কোম্পানির শেয়ারের বাজারদর আরও বাড়বে—এ প্রত্যাশায় বিনিয়োগকারীরা তা হাত ছাড়া করেননি। এ কারণে কোম্পানিগুলোর শেয়ার ওই দিনই বিক্রেতাশূন্য হয়ে পড়ে। এ নিয়ে পরের দিন প্রথম আলোতে ‘এসইসির সিদ্ধান্তের উল্টো প্রভাব, দাম বেড়ে ২৬ কোম্পানির শেয়ার বিক্রেতাশূন্য’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। আর ওই দিনই ১৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করে এসইসি।এর পরের দিন অস্বাভাবিকভাবে দাম বাড়ার কারণে রহিম টেক্সটাইল মিলস লিমিটেড ও দুলামিয়া কটন স্পিনিং লিমিটেডের শেয়ার লেনদেন স্থগিত করে ডিএসই। তাই এ দুই কোম্পানির লেনদেন চালুর ব্যাপারে ডিএসই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে এসইসি।