১৪ ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হবে জাহাজভাঙা বিধিমালা
জাহাজভাঙা শিল্পকে পরিবেশবান্ধব শিল্পে পরিণত করার লক্ষ্যে জাহাজভাঙা ও পুনঃ উৎপাদন বিধিমালা-২০১১ প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছে শিল্প মন্ত্রণালয়। উচ্চ আদালতের বেঁধে দেওয়া সময়ের (১৪ ডিসেম্বর, ২০১১) মধ্যে বিধিমালাটির গেজেট হয়ে যাবে।এমন কথাই জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং তাঁর মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল রোববার বিধিমালাটির খসড়া চূড়ান্ত করতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এমনটিই বলা হয়েছে। রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করে শিল্প মন্ত্রণালয়।তবে খসড়া বিধিটির কিছু অংশের বিরোধিতা করেন বাণিজ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম। বিধিটিকে এ খাতের বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি। সভায় প্রধান অতিথি শিল্পমন্ত্রী বলেন, দেশে প্রতিবছর ৫০ লাখ মেট্রিক টন ইস্পাতের প্রয়োজন। কিন্তু দেশে তো কোনো লোহার খনি নেই। ভাসমান খনি হিসেবে জাহাজভাঙা শিল্প চাহিদার ৮৫ শতাংশ লোহার জোগান দিচ্ছে। এতে দেশে বছরে আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে।দিলীপ বড়ুয়া বলেন, জাহাজভাঙা শিল্পের মতো ট্যানারি, পরিবহন, ইটভাটা, ডায়িং কারখানার বিরুদ্ধেও পরিবেশ দূষণের অভিযোগ রয়েছে। কিন্তু জাতীয় প্রয়োজনে এসব কারখানা বন্ধ করা যাচ্ছে না। জাহাজভাঙা শিল্পকে পরিবেশবান্ধব করে রক্ষা করতে হবে।শিল্পমন্ত্রী বলেন, ‘জাহাজভাঙা খাতের ব্যবসায়ীদের সঙ্গে আমরা কোনো বৈরিতা চাই না। আমরা যৌক্তিক ও বাস্তবসম্মত বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি। তবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা বিধিমালায় বলা হয়েছে।’সভায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি এ কে আজাদ বলেন, ‘জাহাজভাঙা শিল্পে দুর্ঘটনার শিকার শ্রমিকেরা ঠিকমতো ক্ষতিপূরণ পান না বলে প্রায়ই অভিযোগ পাওয়া যায়। এটা যেন না হয়, সে জন্য বিধিমালায় বিধান থাকতে হবে।’ এ জন্য শ্রমিকদের জীবন বিমা করা যেতে পারে বলে মত দেন তিনি।শ্রমিকদের স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া, গ্রাচুইটিসহ বিভিন্ন তহবিলের ব্যবস্থাও বিধিমালায় অন্তর্ভুক্তির প্রস্তাব করেন এ কে আজাদ।বাণিজ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম বলেন, ‘জাহাজভাঙা শিল্প নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন দরকার। এ খাতকে দুর্বল করার জন্য কিছু মহল পাঁয়তারা করছে।’আবুল কাশেম বলেন, ‘যাঁরা বিনিয়োগ করছেন, তাঁরা তো ভিখিরি বা ফকির নন। তাঁরাও কোটি কোটি টাকার মালিক। তাঁদের কথাও তো ভাবতে হবে। খসড়া আইনটি এই বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর।’ তিনি বলেন, খসড়া বিধিমালায় এমন কিছু বিধান রাখা হয়েছে, যেন সরকার ও বিনিয়োগকারীরা প্রতিপক্ষ। বিনিয়োগকারীদের জন্য এসব শর্ত শিথিল করতে হবে।সভায় জানানো হয়, পরিবেশবান্ধব জাহাজভাঙা শিল্প গড়ে তুলতে এই বিধিমালায় শ্রমিকের পেশাগত নিরাপত্তা, ঝুঁকি-ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকীর সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব জিয়াউর রহমান খান। পরে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলমের সঞ্চালনায় কারিগরি সেশন অনুষ্ঠিত হয়।তাতে বিভিন্ন সংস্থা থেকে আসা প্রতিনিধিরা বলেন, জাতীয় অর্থনৈতিক উন্নয়নে জাহাজভাঙা শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ খাত থেকে সরকার বছরে প্রায় এক হাজার কোটি টাকা রাজস্ব আয় করছে। অত্যাধুনিক জাহাজভাঙা শিল্প গড়ে তুলে রাজস্ব আয় আরও বাড়ানোর সুযোগ রয়েছে। বিধিমালায় মালিক ও সরকারের মধ্যে যেন কোনো ধরনের ভুল-বোঝাবুঝির সৃষ্টি না হয়, সে জন্য শিল্প মন্ত্রণালয়কে সতর্ক থাকতে হবে।