১৪ দফা দাবিতে বিনিয়োগকারীদের আমরণ অনশন
সূচক পতনের মুখে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন বিনিয়োগকারীরা। আজ রোববার বেলা ১১টায় ডিএসইর সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এ সময় পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে ১৪ দফা দাবি সংবলিত একটি লিফলেট বিতরণ করা হয়।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিডি) বিনিয়োগকারীদের এই অনশনে সংহতি প্রকাশ করেছে। বেলা দেড়টার দিকে সংগঠনটির পেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন ডিএসইর সামনে এসে এই সংহতি প্রকাশ করেন।বিনিয়োগকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগে সরকারি নির্দেশ বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), দুুর্নীতি দমন কমিশন (দুদক) ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ের ভিত্তিতে দ্রুত প্রজ্ঞাপন জারি ও বাস্তবায়ন, মিউচুয়াল ফান্ডগুলোকে পুঁজিবাজারে সক্রিয় করা ও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঞ্চিত অর্থের ৮০ শতাংশ পুঁজিবাজারমুখী করা, মার্চেন্ট ব্যাংকগুলোর পুঁজির ৮০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগে বাধ্য করা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা ও মোট আমানতের ১৫ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগে বাধ্য করা, মার্জিন ঋণের সুদ মওকুফ, উদ্যোক্তা পরিচালকদের শেয়ার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত লকইন, শেয়ারবাজার কারসাজি তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন অনুযায়ী কারসাজির সঙ্গে জড়িতদের শাস্তি দাবি ও আন্দোলনরত বিনিয়োগকারীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার।এদিকে আজ বেলা পৌনে ১২টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪৫ পয়েন্ট কমে ৫৫১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ দিনের শুরুতে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। তবে গত বুধ ও বৃহস্পতিবার ডিএসই ও সিএসইতে সূচক বাড়ে।