১৪ ধরনের পণ্যে নগদ সহায়তা পাওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৫-১৬ অর্থবছরে ১৪ ধরনের রপ্তানি পণ্যের বিপরীতে রপ্তানি ভর্তুকি বা নগদ সহায়তা দেওয়া হবে। পণ্যভেদে সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ হারে এ সহায়তা দেবে সরকার। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে।

.
.

বাংলাদেশ ব্যাংক বলেছে, ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত জাহাজীকৃত ১৪ ধরনের রপ্তানি পণ্যে নগদ সহায়তা দেওয়া হবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ ধরনের পণ্যের মধ্যে সর্বোচ্চ ২০ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে শতভাগ হালাল মাংস, আলু, কৃষিপণ্য (শাকসবজি ও ফলমূল) ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য এবং হোগলা, খড়, আখের ছোবড়া ইত্যাদি দিয়ে হাতের তৈরি পণ্য রপ্তানিতে। এর মধ্যে হোগলা, খড়, আখের ছোবড়া ইত্যাদি দিয়ে হাতের তৈরি পণ্যে নগদ সহায়তা পাওয়া যাবে সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ।
এ ছাড়া অন্য যেসব পণ্যে নগদ সহায়তা দেওয়া হবে সেগুলো হলো রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র ব্যাকের পরিবর্তে নগদ সহায়তা, বস্ত্র খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অতিরিক্ত সুবিধা, বস্ত্র খাতে আমেরিকা, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের বাইরে নতুন পণ্য ও নতুন বাজার সম্প্রসারণ, হাড়ের গুঁড়া, হালকা প্রকৌশল পণ্য, হিমায়িত চিংড়ি ও অন্য মাছ রপ্তানি, চামড়াজাত দ্রব্য, জাহাজ, পেট বোতল ফ্লেক্স, পাটজাত দ্রব্যাদি রপ্তানিতে।
হিমায়িত চিংড়ি ও মাছ রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তার তারতম্য রয়েছে বরফ মেশানোর ওপর। যদি চিংড়ি রপ্তানিতে ২০ শতাংশ পর্যন্ত বরফ মেশানো হয়, সে ক্ষেত্রে ১০ শতাংশ, ২০ থেকে ৩০ শতাংশ বরফ মেশালে ৯ শতাংশ, ৩০ থেকে ৪০ শতাংশ বরফ মেশালে ৮ শতাংশ এবং ৪০ শতাংশের বেশি বরফ মেশানো হলে সে ক্ষেত্রে ৭ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে। একইভাবে অন্যান্য মাছ রপ্তানিতে ২০ শতাংশ পর্যন্ত বরফ মেশানো থাকলে ৫ শতাংশ, ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বরফ মেশানো হলে ৪ শতাংশ, ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বরফ মেশানো হলে ৩ শতাংশ এবং ৪০ শতাংশের বেশি বরফ মেশানো হলে সে ক্ষেত্রে ২ শতাংশ হারে নগদ সহায়তা পাওয়া যাবে।
পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রেও নগদ সহায়তার কয়েকটি ধাপ রয়েছে। বৈচিত্র্যপূর্ণ পাটজাত পণ্য রপ্তানিতে সর্বোচ্চ ১০ শতাংশ নগদ সহায়তা দেবে সরকার। এর বাইরে পাটজাত চূড়ান্ত পণ্য যেমন হেসিয়ান, সেকিং ও সিবিসি রপ্তানিতে সাড়ে ৭ শতাংশ এবং পাটের সুতা রপ্তানিতে ৫ শতাংশ হারে নগদ সহায়তা দেবে সরকার।