১৪ বছরের মধ্যে প্রথম রেমিট্যান্স কমেছে
প্রবাসী-আয় বা রেমিট্যান্স প্রবাহ কমে গেছে। সদ্য বিদায়ী ২০১৩-১৪ অর্থবছরে প্রবাসীরা যে বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন, তা আগের অর্থবছরের তুলনায় ২৩ কোটি ডলার বা ১ দশমিক ৬১ শতাংশ কম।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুসারে, গত ১৪ বছরের মধ্যে এবারই প্রথম রেমিট্যান্স আয়ে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। ২০০০-০১ অর্থবছরের পর এবার প্রথম রেমিট্যান্স আয়ে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে।
মূলত মধ্যপ্রাচ্যসহ বেশ কয়েকটি দেশে জনশক্তি রপ্তানি কমে যাওয়ার কারণে রেমিট্যান্স আয় কম হয়েছে। আবার দীর্ঘদিন ধরে ডলারের বিপরীতে টাকার মান কিছুটা শক্তিশালী হওয়ায় ব্যাংক চ্যানেলে অর্থ কম এসেছে বলেও কারও কারও ধারণা।
বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার ২০১৩-১৪ অর্থবছরের রেমিট্যান্স আয়ের তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত অর্থবছর প্রবাসী বাংলাদেশিরা মোট এক হাজার ৪২৩ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন।
আগের অর্থবছরে এসেছিল এক হাজার ৪৪৬ কোটি ডলার। এ হিসাবে এক বছরে রেমিট্যান্স কম এসেছে ২৩ কোটি ৩৬ লাখ ডলার, যা ১ দশমিক ৬১ শতাংশ। তার আগে অর্থাৎ ২০১১-১২ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল এক হাজার ২৮৪ কোটি ডলার।
এর আগে ২০০০-০১ অর্থবছরে তার আগের বছরের চেয়ে কমে রেমিট্যান্স এসেছিল ১৮৮ কোটি ২১ লাখ ডলার। আর ১৯৯৯-২০০০ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ১৯৪ কোটি ৯৩ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।
যোগাযোগ করা হলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেন, জনশক্তি রপ্তানি কমে যাওয়ায় মূলত রেমিট্যান্স কমেছে। তিনি বলেন, বিদেশে নতুন জনশক্তি রপ্তানি বাড়াতে না পারলে প্রবৃদ্ধি ধরে রাখা যাবে না। কেননা পুরোনোরা তো আর বেশি প্রবৃদ্ধি আনতে পারবে না। বিনিময় হারের কারণে প্রবাসী-আয়ে প্রবৃদ্ধি কমে যাওয়ার বিষয়টি তত গুরুত্বপূর্ণ নয় বলে মনে করেন তিনি।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, পুরো অর্থবছরের হিসাব দেখলে বোঝা যাবে, প্রথম ভাগে কমলেও শেষভাগে রেমিট্যান্স প্রবাহ আস্তে আস্তে বাড়ছে। তিনি বলেন, মাঝখানে রাজনৈতিক অস্থিরতার কারণে প্রবাসীরা অর্থ কম পাঠিয়েছেন। তিনি আরও বলেন, প্রবাসীরা কেবল তো আর দৈনন্দিন খরচের জন্য অর্থ পাঠান না। তাঁরা ছোটখাটো বিনিয়োগের জন্যও টাকা পাঠান। এখন আবার অর্থনীতির ওপর তাঁদের আস্থা বাড়ছে। ফলে তাঁরা বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন।