১৪ ব্যাংকে মূলধন ঘাটতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১৪টি ব্যাংক প্রয়োজনীয় ন্যূনতম মূলধন সংরক্ষণে (সিএআর) ব্যর্থ হয়েছে। সর্বশেষ গত সেপ্টেম্বরভিত্তিক ব্যাংক খাতে প্রয়োজনীয় ন্যূনতম মূলধন ঘাটতির পরিমাণ হয়েছে নয় হাজার ৮৮৮ কোটি ৬৬ লাখ টাকা। সামগ্রিক মূলধন সংরক্ষণের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ১৪ শতাংশ।
সংরক্ষণ বিবেচনাতে ব্যাংক খাতে জুনের তুলনায় সেপ্টেম্বরে মূলধন পর্যাপ্ততার হার সামান্য বেড়েছে। জুনে সংরক্ষণের হার ছিল ৯ দশমিক ১২ শতাংশ। তবে সেপ্টেম্বরে ঘাটতির পরিমাণ ও ব্যাংকের সংখ্যা বেড়েছে। জুনে ঘাটতির পরিমাণ ছিল নয় হাজার ২৩২ কোটি ৭৬ লাখ টাকা। আর ঘাটতি থাকা ব্যাংকের সংখ্যা ছিল ১১টি।
ব্যাংক কোম্পানি আইন ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে ব্যাংকগুলোর প্রতি ত্রৈমাসিকে মূলধন পর্যাপ্ততার হার হিসাব হয়। এতে ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশ অথবা ৪০০ কোটি টাকা, এর মধ্যে যেটি বেশি তার ভিত্তিতে মূলধন পর্যাপ্ততার অনুপাত বা সিএআর নির্ধারণ করা হয়। ঝুঁকিভিত্তিক সম্পদ হিসাবে ঋণ, বাজার ও পরিচালন ঝুঁকিগুলোকে বিবেচ্য হয়।
এই হিসাবে ব্যাংক খাতে সেপ্টেম্বর শেষে ন্যূনতম প্রয়োজনীয় মূলধন থাকার কথা ৬০ হাজার ২১৭ কোটি ১৮ লাখ টাকা। এর বিপরীতে ৫৫টি ব্যাংক সংরক্ষণ করেছে ৫০ হাজার ৩২৮ কোটি ৫২ লাখ টাকা। গত জুন মাসে ন্যূনতম প্রয়োজনীয় মূলধন থাকার কথা ছিল ৫৯ হাজার ৯২ কোটি ৮৫ লাখ টাকা। সে সময় সংরক্ষিত ছিল ৪৯ হাজার ৮৬০ কোটি নয় লাখ টাকা।
তবে এই যে মূলধন সংরক্ষণের পরিমাণ ও হার ৯ শতাংশের বেশি, তার কারণ বিদেশি ব্যাংক। এই ব্যাংকগুলো তাদের প্রয়োজনীয় ন্যূনতম মূলধনের চেয়ে দ্বিগুণ সংরক্ষণ করেছে। বিদেশি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের বিপুল মূলধন ঘাটতি রয়েছে। কিন্তু বাকি আট ব্যাংক মিলে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ঘাটতি মিটিয়েও অতিরিক্ত দুই হাজার ৬৬৬ কোটি ৫৮ লাখ টাকার মূলধন সংরক্ষণ করেছে। তাদের সিএআর বা পর্যাপ্ততার অনুপাত হয়েছে ২০ দশমিক ২৫ শতাংশ। তবে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের মূলধন ঘাটতির পরিমাণ হচ্ছে ৩২২ কোটি ২৩ লাখ টাকা। সিএআর রেশিও দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৬ শতাংশে।
বিদেশি ব্যাংকগুলোর পর্যাপ্ততার হার পৃথক করা হলে দেশি ব্যাংকগুলোর পর্যাপ্ততার হার দাঁড়াবে ৮ দশমিক ২১ শতাংশ, যা ব্যাংকবিষয়ক আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা ব্যাসেল কমিটির ‘ব্যাসেল-২’ সুপারিশের চেয়ে অনেক কম বা অধিক ঝুঁকিপূর্ণ। বিদেশি ব্যাংকগুলোর মূলধন হিসাবে না নিলে দেশের ব্যাংকগুলোর মূলধন ঘাটতি দাঁড়ায় ১২ হাজার ৫৮৯ কোটি ৬৩ লাখ টাকা।
রাষ্ট্রমালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের সামগ্রিক সংরক্ষণ হার হয়েছে ১ দশমিক ৩২ শতাংশ। এই ব্যাংকগুলোতে সামগ্রিক ঘাটতির পরিমাণ হয়েছে আট হাজার ৮৬৩ কোটি এক লাখ টাকা টাকা। ব্যাংকগুলোর সংরক্ষণের হার দাঁড়িয়েছে সোনালীর (-) ২ দশমিক ৭২ শতাংশ, জনতার ৫ দশমিক ১২ শতাংশ, অগ্রণীর (-) ১ দশমিক ৮৩ শতাংশ এবং রূপালী ব্যাংকের ৮ দশমিক ৬৪ শতাংশ।
রাষ্ট্র খাতের বিশেষায়িত চার ব্যাংক অর্থাৎ বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি), বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি. (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও বেসিক ব্যাংকের সামগ্রিক সিএআর হয়েছে (-) ১০ দশমিক ১৮ শতাংশ। ঘাটতির পরিমাণ ছয় হাজার ১৫০ কোটি ৪১ লাখ টাকা। তবে বিডিবিএলে অতিরিক্ত ৬৭২ কোটি টাকার মূলধন সংরক্ষণ করা হয়েছে। ব্যাংকটির সিএআর হয়েছে ১৬ দশমিক ৫১ শতাংশ। অন্যদিকে বিকেবির সিএআর হয়েছে (-) ৩৩ দশমিক ৮৮ শতাংশ, রাকাবের (-) ৮ দশমিক ২৮ শতাংশ এবং বেসিক ব্যাংকের ৩ দশমিক ৭৯ শতাংশ।
বেসরকারি ৩৮ ব্যাংকের সামগ্রিক সিএআর হয়েছে ১১ দশমিক ৫৬ শতাংশ। সামগ্রিক মূলধন উদ্বৃত্ত রয়েছে দুই হাজার ৪৫৮ কোটি ১৮ লাখ টাকা। তবে এর মধ্যে আইসিবি ইসলামী ব্যাংকের অবস্থা অত্যন্ত নাজুক ও ক্রমাবনতিশীল পর্যায়ে রয়েছে। কমার্স ব্যাংকের সিএআর দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ, এক্সিম ব্যাংকের ৮ দশমিক ৮৯ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৮ দশমিক ১৬ শতাংশ ও প্রিমিয়ার ব্যাংকের সিএআর দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৬ শতাংশ। ব্যাংকগুলোর মূলধন ঘাটতির পরিমাণ হচ্ছে যথাক্রমে ২৪৮ কোটি ১৫ লাখ, ১৯৬ কোটি ৮২ লাখ, ৪৪২ কোটি ৪৮ লাখ ও ৪৪ কোটি ৪২ লাখ টাকা।