১৪৭ জন সিআইপি নির্বাচিত
দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০১২ সালের জন্য ১৪৭ জনকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচন করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
পণ্য রপ্তানি ও ট্রেড—এই দুই শ্রেণিতে সিআইপি মর্যাদা দেওয়া হয়। বিদ্যমান নীতিমালা অনুযায়ী এবার ১৮৮ জনকে সিআইপি ঘোষণা করার কথা ছিল। এদের মধ্যে ৪০ জনকে পণ্য রপ্তানিতে। বাকি ৪৮ জনকে ট্রেড শ্রেণিতে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এবার সিআইপি ঘোষণার জন্য দেশে ১৮৮ জন স্বচ্ছ লোক খুঁজে পায়নি সরকার। তাই শেষ পর্যন্ত সিআইপি ঘোষণা করা হয়েছে ১৪৭ জনকে। এঁদের মধ্যে পণ্য রপ্তানি খাতে ১০১ জন ও ট্রেড খাতে ৪৬ জন।
পণ্য রপ্তানি শ্রেণিতে নিট গ্রুপ ও নিট একক মিলিয়ে তৈরি পোশাক খাত থেকে ২৬, ওভেন গ্রুপ ও একক মিলিয়ে তৈরি পোশাক থেকেই আরও ১২ এবং কাঁচাপাট ও পাটজাত দ্রব্য থেকে নয়জন সিআইপি নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কাঁচা চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াকরণ ও কৃষিজাত দ্রব্য রপ্তানি থেকে সাতজন করে ২১ জন; ওষুধ এবং বিশেষায়িত বা হোম টেক্সটাইল থেকে তিনজন করে ছয়; টেক্সটাইল ফ্রেব্রিক্স থেকে ছয়; সিরামিক টেবিলওয়্যার ও হস্তশিল্পজাত পণ্য থেকে দুজন করে চার; প্লাস্টিকজাত পণ্য, কম্পিউটার সফটওয়্যার, প্লাস্টিক পণ্য এবং ডিহাইড্রেটেড, সল্টেড ও অন্যান্য মাছ রপ্তানি থেকে একজন করে তিনজন সিআইপি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিবিধ খাতে নির্বাচিত হয়েছেন ১৪ জন সিআইপি।
ট্রেড খাতে নির্বাচিত ৪৬ জনের সবাই বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক। তাঁরা পদাধিকারবলে সিআইপি নির্বাচিত হয়েছেন। এর মধ্যে এফবিসিসিআইয়ের চেম্বার গ্রুপ থেকে ১৫ ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৫ জন পরিচালক সিআইপি হওয়ার কথা থাকলেও হয়েছেন ২৯ জন। এর বাইরে এফবিসিসিআইয়ের চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে নয়জন করে ১৮ জন হওয়ার কথা থাকলেও হয়েছেন ১৭ জন। প্রাথমিক বাছাইয়ের পর দুজন মারা গেছেন।
এদিকে ট্রেড খাত থেকে নির্বাচিত ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি মোহাম্মদ বজলুর রহমানকে নিয়ে ব্যবসায়ী মহলে কানাঘুষা চলছে। নারায়ণগঞ্জের এই ব্যবসায়ী ভৈরব থেকে কীভাবে নির্বাচিত হলেন, সেটিই হলো প্রশ্ন।
সিআইপির (রপ্তানি) মেয়াদ এক বছর। তবে পরবর্তী বছরের সিআইপি ঘোষণার আগ পর্যন্ত এ মেয়াদ বলবৎ থাকবে। ট্রেড খাতে নির্বাচিত সিআইপিদের মেয়াদ বাণিজ্য সংগঠনের পদে বহাল থাকা এবং পরবর্তী সিআইপি ঘোষণার মধ্যে যেটি আগে হয়, সে পর্যন্ত।
সিআইপি হলে কিছু বাড়তি সুবিধা পাওয়া যায় সরকারের কাছ থেকে। যেমন, সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশ পাস; জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ; ব্যবসাসংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলপথে সরকারি যানবহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার; স্ত্রী, সন্তান ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার এবং বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিআইপি মর্যাদা থাকাকালীন সিআইপি (রপ্তানি) নীতিমালা, ২০১৩-এর অনুচ্ছেদ ৭-এ বর্ণিত শর্ত অনুসরণ করতে হবে। নীতিমালার ৭ (খ) ধারায় বলা হয়েছে, ‘ঋণখেলাপি ও কর বকেয়া থাকলে কেউ সিআইপি নির্বাচনের জন্য বিবেচিত হবেন না।’
প্রজ্ঞাপন জারির আগে ১৪৭ জনের এই তালিকা গত ৩ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে পণ্য রপ্তানি শ্রেণির ১০১ জনের তালিকার ৭, ৪১, ৪৩, ৪৪, ৪৫, ৫৩, ৮৫, ৯৬ ও ৯৮ ক্রমিকধারীর বিরুদ্ধে আপত্তি ওঠে।
বৈঠকের কার্যবিবরণী গত ১৪ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ এনবিআরে পাঠায়। এতে বলা হয়, ‘১৪৭ জনের মধ্যে নয়জনের বিরুদ্ধে আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) ও ঋণসংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা অনিষ্পন্ন থাকায় তাঁদেরও সিআইপি নির্বাচনের জন্য সুপারিশ করা হয়েছে।’ সুপারিশটি করেন তৎকালীন বাণিজ্যসচিব মাহবুব আহমেদ, বর্তমানে যিনি অর্থসচিব।
আয়কর, মূসক ও ঋণসংক্রান্ত মামলা অনিষ্পন্ন থাকা সত্ত্বেও নয়জনকে সিআইপি নির্বাচিত কেন করা হলো—জানতে চাইলে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, মামলা অনিষ্পন্ন থাকলে সিআইপি হতে কোনো বাধা নেই বলে তিনি মনে করেন।
এফবিসিসিআইয়ের ব্যাখ্যা: ১৯ আগস্ট প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘নীতিমালা লঙ্ঘন করে খেলাপিরাও সিআইপি!’ শীর্ষক প্রতিবেদনের ব্যাপারে এফবিসিসিআই বলেছে, এফবিসিসিআই নির্বাচন সম্পন্নের পর ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতায় কারও ব্যাংক ঋণ বা কর বকেয়ার সৃষ্টি হতে পারে—যা পরবর্তী সময়ে পরিশোধিত হয়। প্রতিবেদনে যেসব পরিচালককে ঋণখেলাপি বা করখেলাপি বলা হয়েছে, তাঁরা এফবিসিসিআইকে জানিয়েছেন যে তাঁরা কেউ ঋণখেলাপি বা করখেলাপি নন।
এদিকে আলাদা করে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন এফবিসিসিআইয়ের পরিচালক কাজী শাহ্নেওয়াজ। এতে বলা হয়, ১৯৮৬ সাল থেকে তিনি সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন এবং কখনো ঋণখেলাপি হননি।
প্রতিবেদকের বক্তব্য: সিআইপির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এনবিআরে পাঠানো এ বিষয়ক কার্যবিবরণী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।