১৫ কোটি টাকার ক্ষতি ৬৯০ ক্ষুদ্র ব্যবসায়ীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের কর্মীদের ধ্বংসযজ্ঞে ফুটপাতের ৬৯০ জন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারকে চিহ্নিত করেছে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়। এই ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে আনুমানিক ১৫ কোটি টাকার।ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় গতকাল বুধবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এ তালিকা তৈরি করেছে। এ তালিকার বাইরে বায়তুল মোকাররম, পল্টনে মুক্তি ভবনের নিচতলার মার্কেটের ১০৬ জন ক্ষতিগ্রস্ত দোকানমালিকের কথা বলা হলেও তাঁদের ক্ষতির পরিমাণ তালিকায় উল্লেখ করা হয়নি।ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন প্রথম আলোকে বলেন, ‘ক্ষতিগ্রস্তদের তালিকা আগামীকাল (বৃহস্পতিবার) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে জমা দেব। ক্ষতিগ্রস্তদের কত টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।’‘ঢাকা অবরোধ’ শেষে হেফাজতে ইসলামের কর্মীদের তাণ্ডবে বায়তুল মোকাররম মার্কেটের সামনের ফুটপাত, মসজিদের দক্ষিণ ফটকের সামনের ফুটপাত এবং পল্টনে পুরোনো বইয়ের দোকানসহ সাত শতাধিক দোকান পুড়িয়ে দেওয়া হয়। বেশির ভাগ দোকানই পুড়ে ছাই হয়ে যায়।এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দোকানমালিকদের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়। ওই দিন পুরোনো বই ও বায়তুল মোকাররমের ক্ষুদ্র ব্যবসায়ী এবং মুক্তি ভবনের নিচের দোকানমালিকদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানেন জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরির সঙ্গে জড়িত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. একরামুল হক প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যে তালিকা করা হয়েছে, তাতে একজন ক্ষুদ্র ব্যবসায়ীর এক লাখ থেকে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।তালিকা করেছে এফবিসিসিআই: হেফাজতকর্মীদের ধ্বংসযজ্ঞের পর সোমবার এফবিসিসিআইয়ের প্রতিনিধিদল বায়তুল মোকাররম মার্কেট ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা চায়।এফবিসিসিআই সূত্র জানায়, ফুটপাতের দোকানগুলোর পক্ষ থেকে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা পাওয়া গেছে। এতে তাঁরা কী পরিমাণ ক্ষতির শিকার হয়েছেন, তারও উল্লেখ রয়েছে। প্রায় ৩০০ জন ব্যবসায়ীর ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে একটি তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকা অনুযায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীদের সাড়ে আট কোটি থেকে নয় কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যেন ক্ষতিপূরণ দেওয়া হয়, সে অনুরোধ করে এ তালিকাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।যোগাযোগ করা হলে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে বলেছিলেন। আমরা একটি তালিকা তৈরি করেছি। দু-এক দিনের মধ্যে তা প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হবে। তিনি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবেন। আমাদের পক্ষ থেকে কিছু করা যায় কি না, সে চেষ্টাও করছি।’