১৫ কোটি টাকার পুরোনো কাপড় আমদানি করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটপাতে যেসব পুরোনো কাপড় বিক্রি হয় তার বড় অংশই বিদেশ থেকে আমদানি হয়ে আসে। বিশেষ করে শীতের গরম পোশাক, কম্বল, ট্রাউজার প্রতিবছরই আমদানি করেন ক্ষুদ্র আমদানিকারকেরা।চলতি ২০১২-১৩ অর্থবছর ১৫ কোটি টাকা (১৮ লাখ ৫১ হাজার ডলার) মূল্যের পুরোনো কাপড় আমদানির সুযোগ দিতে যাচ্ছে সরকার। আর এটা আমদানি করতে পারবেন তিন হাজার নির্বাচিত আমদানিকারক। তবে একজন আমদানিকারক সর্বোচ্চ ৫০ হাজার টাকার পুরোনো কাপড় আমদানি করতে পারবেন। এ জন্য তাঁদের সংশ্লিষ্ট আঞ্চলিক আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরের পূর্বানুমতি নিতে হবে।নির্বাচিত আমদানিকারকেরা কম্বল, সোয়েটার, লেডিজ কার্ডিয়ান, জিপার জ্যাকেটসহ পুরুষের জ্যাকেট, পুরুষের ট্রাউজার ও সিনথেটিক এবং ব্লেন্ডেড কাপড়ের শার্ট আমদানি করতে পারবেন। এর বাইরে কোনো পণ্য আমদানি করা যাবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর ৪ ডিসেম্বর এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। তাতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।গণবিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্যতাসম্পন্ন ও আগ্রহী আমদানিকারকদের আগামী বছরের ১৬ জানুয়ারির মধ্যে নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে পুরোনো কাপড় আমদানিকারক হিসেবে নির্বাচনের জন্য আবেদন করতে হবে। সেখান থেকে জনসংখ্যার ভিত্তিতে প্রকাশ্য লটারির মাধ্যমে সারা দেশে জেলা কোটায় তিন হাজার আমদানিকারককে নির্বাচন করবে সরকার। তবে শিল্প খাতে নিবন্ধিত আমদানিকারকেরা পুরোনো কাপড় আমদানির জন্য বিবেচিত হবেন না।আমদানিকারক নির্বাচনের পর তাঁদের তালিকা ৬ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ দপ্তরের কাছে পাঠাতে হবে। আর ১৭ ফেব্রুয়ারি ওই দপ্তর আমদানিকারকদের পূর্বানুমতিপত্র জারি করবে।কোন জেলা থেকে কতজন পুরোনো কাপড় আমদানি করতে পারবেন তা-ও ঠিক করে দিয়েছে সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী ঢাকা বিভাগীয় অঞ্চল থেকে ৬৪১ জন, চট্টগ্রাম অঞ্চল থেকে ৩৬২, খুলনা অঞ্চল থেকে ৩৫৫, রাজশাহী অঞ্চল থেকে ১২৬, বরিশাল অঞ্চল থেকে ১৯৭, সিলেট অঞ্চল থেকে ১৯১, কুমিল্লা অঞ্চল থেকে ২২৪, দিনাজপুর অঞ্চল থেকে ১১৩, ময়মনসিংহ অঞ্চল থেকে ৩০১, পাবনা অঞ্চল থেকে ৫৩, রংপুর বিভাগীয় অঞ্চল থেকে ২২১, বগুড়া অঞ্চল থেকে ৯৩, নওগাঁ অঞ্চল থেকে ৫৮ ও সিরাজগঞ্জ থেকে ৬৫ জন পুরোনো কাপড় আমদানি করতে পারবেন।অবশ্য প্রতিবছরই পুরোনো কাপড় আমদানির পরিমাণ কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময় বিভিন্ন দেশ থেকে ছয় লাখ ২০ হাজার ডলারের পুরোনো কাপড় আমদানি করা হয়েছে। আগের বছরের একই সময়ের চেয়ে যা ১৪ দশমিক ৫৭ শতাংশ কম। ২০১১-১২ অর্থবছরে মোট পুরোনো কাপড় আমদানি হয়েছে ২১ লাখ ১০ হাজার ডলারের। তার আগের অর্থবছরে আমদানি হয়েছিল ৩১ লাখ ৮০ হাজার ডলারের পুরোনো কাপড়।গণবিজ্ঞপ্তি অনুযায়ী, পুরোনো কিংবা পরিত্যক্ত কাপড় আমদানির মাধ্যমে যেন কোনো ধরনের রোগের জীবাণু প্রবেশ করতে না পারে, সে জন্য ওই সব কাপড় রোগমুক্ত করে আমদানি করতে হবে। রপ্তানিকারী দেশের দেওয়া রোগমুক্ত করার সনদ বাধ্যতামূলকভাবে শুল্ক কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে।