১৫ ঘণ্টায় এক হাজার ৯৮৪ একক কনটেইনার খালাস!
হরতাল শেষ হওয়ার পরপরই চট্টগ্রাম বন্দর প্রাঙ্গণ থেকে ব্যাপকহারে পণ্যভর্তি কনটেইনার খালাস নিচ্ছেন আমদানিকারকেরা। এসব কনটেইনারের সিংহভাগেই আছে পোশাকশিল্পের কাঁচামাল। উৎপাদন চালু রাখতে হরতালের পর দ্রুত কাঁচামাল খালাস করে কারখানায় নিয়ে যাচ্ছেন রপ্তানিমুখী পোশাকশিল্পের মালিকেরা। বন্দরের হিসাবে দেখা গেছে, হরতালের আগের দিন ২৪ ঘণ্টায় বন্দর থেকে কনটেইনার খালাস হয় এক হাজার ১৪১ একক কনটেইনার। তবে হরতাল শেষ হওয়ার পর গত মঙ্গলবার বিকেল পাঁচটার পর থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত ১৫ ঘণ্টায় খালাস হয়েছে এক হাজার ৯৮৪ একক কনটেইনার।অর্থাৎ প্রতি ঘণ্টায় বন্দরের আটটি গেট দিয়ে ১৩২ একক কনটেইনারের পণ্য বের হয়েছে। বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি কনটেইনার খালাস হচ্ছে। কনটেইনার খালাসসহ পরিচালন কর্মকাণ্ড বাড়লেও যাতে সমস্যা না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আছে বন্দরের।’বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, উৎপাদন স্বাভাবিক রাখতে এখন দ্রুত কাঁচামালভর্তি কনটেইনার খালাসের বিকল্প নেই। নতুন করে কোনো হরতাল কর্মসূচি না থাকলেও আমদানি-রপ্তানি পণ্য পরিবহন স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে।বন্দর সূত্রে জানা গেছে, প্রথম দুই দিন হরতালে বন্দর প্রাঙ্গণে প্রায় তিন হাজার একক পণ্যভর্তি কনটেইনার বেড়ে যায়। এর মধ্যে প্রতিদিন জাহাজ থেকে নামছে গড়ে দেড় থেকে দুই হাজার একক কনটেইনার। হরতাল শেষ হওয়ার পর এখন এসব পণ্য খালাসের হার বেড়ে গেছে। গতকাল বুধবারও দুই হাজার ৩৯৩ একক কনটেইনার খালাসের কর্মসূচি ছিল।তবে আমদানিকারকের পক্ষে পণ্য খালাসে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্টদের হিসাবে এই সংখ্যা দুই হাজার ৬০০ একক কনটেইনার ছাড়িয়ে যাবে।সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসো-সিয়েশনের বন্দর-বিষয়ক সম্পাদক লিয়াকত আলী হাওলাদার গতকাল প্রথম আলোকে বলেন, পোশাক-শিল্প-মালিকদের আমদানি কাঁচামাল দ্রুত খালাসের চাহিদার কারণে পণ্যভর্তি কনটেইনার খালাসের হার বেড়েছে। এভাবে বন্দর থেকে খালাস ও জাহাজে রপ্তানি কনটেইনার বোঝাই অব্যাহত থাকলে কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। হরতালে চট্টগ্রামের ১৬টি ডিপোতে যেসব পণ্যভর্তি কনটেইনার আটকা পড়ে ছিল, সেগুলোও এখন বন্দরের প্রাঙ্গণে পাঠানো হচ্ছে। হরতাল শেষ হওয়ার পর ১৫ ঘণ্টায় বন্দরের জেটিতে অবস্থানরত জাহাজে এক হাজার ৭৯৪ একক কনটেইনার বোঝাই করা হয়েছে। গতকালও বেসরকারি ডিপো থেকে বন্দরে পাঠানো হচ্ছে বিপুলসংখ্যক কনটেইনার।