পরিবেশবান্ধব ব্যাংকিং নীতিমালা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে চলতি বছরের ১৫ জুলাইয়ের মধ্যে প্রথম প্রতিবেদন দাখিল করতে হবে। প্রতিবেদনে ৩০ জুন শেষ হওয়া প্রান্তিকের (এপ্রিল-জুন) এই নীতিমালা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে হবে।এর পর থেকে প্রতি প্রান্তিকের প্রতিবেদন পরবর্তী প্রান্তিকের প্রথম মাসের ১৫ তারিখের মধ্যে দাখিল করতে হবে। আর এই প্রতিবেদন দাখিল করতে হবে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগে।গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক পরিবেশবান্ধব ব্যাংকিং নীতিমালাসংক্রান্ত যে সার্কুলার জারি করেছে, তাতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রমকে উৎসাহিত করতে দেশের কেন্দ্রীয় ব্যাংক যে নীতি-নির্দেশনা প্রণয়ন করেছে, তাতে তিন পর্যায়ে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে।নীতি-নির্দেশনা অনুসারে প্রথম পর্যায়ে দেশে ব্যবসারত সব ব্যাংককে চলতি বছরের ৩১ ডিসেম্বরে মধ্যে নিজেদের একটি পরিবেশবান্ধব বা সবুজ ব্যাংকিং নীতিমালা প্রণয়ন করতে হবে। নীতি-নির্দেশনার আওতায় দ্বিতীয় পর্যায়ে যেসব কাজ করতে হবে, সেগুলো ২০১২ সালের ডিসেম্বর মাসের মধ্যে সম্পন্ন করার কথা বলা হয়েছে। আর তৃতীয় পর্যায়টি সম্পন্ন করতে হবে ২০১৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে।এই নীতিমালায় অভ্যন্তরীণভাবে পরিবেশবান্ধব পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে ব্যাংকগুলোকে। এ ক্ষেত্রে অভ্যন্তরীণ যোগাযোগে যথাসম্ভব কাগজের ব্যবহার সীমিত করে অনলাইন ইলেকট্রনিক পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।ব্যাংকিং কার্যক্রমে পরিবেশবান্ধব কর্মসূচি বা প্রকল্প অর্থায়নে নজর বাড়ানোর কথা বলা হয়েছে এই নীতি-নির্দেশনায়। বন্যা, খরা ও দুর্যোগপ্রবণ এলাকায় বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য নিয়মিত সুদহারেই অর্থায়নের কথা বলা হয়েছে। আর জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য একটি জলবায়ু ঝুঁকি তহবিল গঠন করতে হবে। পরিবেশ সংবেদনশীল বিভিন্ন খাতের বিষয়ে ব্যাংকের কৌশলগত নীতি প্রণয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে দেশের বিভিন্ন স্থানে সবুজ শাখা স্থাপনের জন্য উৎসাহিত করা হয়েছে এই নীতি-নির্দেশনায়। যেসব শাখা সর্বোচ্চ প্রাকৃতিক আলো-বাতাস, জ্বালানি সাশ্রয়ী বাতি ও পাখা, সীমিত পানি-বিদ্যুৎ ও পরিশোধিত পানি ব্যবহার করবে, সেগুলো সবুজ শাখা হিসেবে বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পাবে।নীতিমালা ভালোভাবে বাস্তবায়ন ব্যাংকগুলোর ক্যামেলস রেটিংয়ে মান নির্ণয় ও নতুন শাখা খোলার অনুমোদনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।