১৫ দিন পর জনতা ইনস্যুরেন্সের লেনদেন চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার পুঁজিবাজারে জনতা ইনস্যুরেন্সের লেনদেন চালু হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ডিএসই ও সিএসই এই সিদ্ধান্ত নেয়।ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, ‘হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এসইসির সম্মতিক্রমে আজ জনতা ইনস্যুরেন্সের লেনদেন চালু করা হলো।’ডিএসই সূত্রে জানা যায়, গত ১৪ মে জনতা ইনস্যুরেন্সের লেনদেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় ডিএসই কর্তৃপক্ষ। ওইদিন সিএসইতেও প্রতিষ্ঠানটির লেনদেন বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালে শেয়ারধারীদের জন্য ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারধারীদের অনুমোদন না করেই ২০১১ সালের জন্য নতুন করে ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। এ কারণে ডিএসই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছিল।২৪ মে হাইকোর্টের একটি বেঞ্চ অবিলম্বে জনতা ইনস্যুরেন্সের লেনদেন চালু করার নির্দেশ দেন। গতকাল বুধবার কুরিয়ারে এ-সংক্রান্ত আদেশ ডিএসই ও সিএসইতে পৌঁছায়।চিঠি পাওয়ার পর জনতা ইনস্যুরেন্সের লেনদেন চালুর বিষয়ে এসইসির মতামত চেয়ে চিঠি দেয় ডিএসই ও সিএসই। তবে শেষ পর্যন্ত টেলিফোনে এসইসির সম্মতি নিয়ে প্রতিষ্ঠানটির লেনদেন চালু করা হয়।এ বিষয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজ সিএসইতে জনতা ইনস্যুরেন্সের লেনদেন চালু করা হয়েছে।’