১৫ প্রতিষ্ঠানকে পুরস্কার দিল আইসিএসবি
সনদধারী কোম্পানি সচিবদের সংস্থা ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় ভালোমানের আর্থিক প্রতিবেদন তৈরির জন্য ১৫টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত বৃহস্পতিবার রাতে এ পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন।
ব্যাংকিং খাতে সেরা ব্যাংকের পুরস্কার পেয়েছে ইস্টার্ন ব্যাংক। ডাচ্-বাংলা ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে।
বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খাতে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রথম, প্রাইম ইনস্যুরেন্স দ্বিতীয় এবং ইউনিয়ন ক্যাপিটাল তৃতীয় হয়েছে।
সাধারণ উৎপাদন খাতে ব্রিটিশ-আমেরিকান ট্যোবাকো প্রথম, সামিট পাওয়ার দ্বিতীয় ও প্রিমিয়ার সিমেন্ট তৃতীয় পুরস্কার পেয়েছে।
খাদ্য ও ওষুধ উৎপাদন খাতে প্রথম পুরস্কার পেয়েছে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস। বেক্সিমকো ফার্মা দ্বিতীয় ও গ্ল্যাক্সোস্মিথ-ক্লাইন বাংলাদেশ তৃতীয় পুরস্কার পেয়েছে।
তথ্যপ্রযুক্তি যোগাযোগ খাতে সিঙ্গার বাংলাদেশ প্রথম, গ্রামীণফোন দ্বিতীয় এবং বাংলাদেশ সাবমেরিন কেব্লস তৃতীয় পুরস্কার পেয়েছে।
আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম, বিএসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন প্রমুখ।