উত্তরবঙ্গের জনগণের জীবনমান উন্নয়নে ১৯৯৯ সালে সরকার সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্ক স্থাপনের প্রকল্প নেয়। এরই মধ্যে পার হয়ে গেছে ১৫ বছর। অবশেষে শিল্পমন্ত্রী আমির হোসেন বলেছেন, আগামী জুনের মধ্যে সিরাজগঞ্জে বাস্তবায়নাধীন বিসিক শিল্পপার্কের দৃশ্যমান অগ্রগতি হবে।
শিল্পমন্ত্রী বলেছেন, নদীভাঙন থেকে শিল্পপার্ক সুরক্ষায় ৩১২ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) একটি বাঁধ নির্মাণের প্রস্তাব করেছে। কাল বুধবারের মধ্যে এ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুমোদনের জন্য সম্পদ মন্ত্রণালয়ে পাঠাবে পাউবো। শিগগিরই তা পরীক্ষা-নিরীক্ষা শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে বলে তিনি জানান।
সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়। পরে শিল্পমন্ত্রী আমির হোসেন সাংবাদিকদের সভার বিস্তারিত জানান। শিল্প মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এসব কথা জানানো হয়।
সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম, সাংসদ হাবিবে মিল্লাত, শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন, ১৯৯৯ সালে সরকার এ প্রকল্প নিলেও রাজনৈতিক কারণে বিএনপি-জামায়াত সরকার ২০০৪ সালে এটি বাতিল করে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষায় আওয়ামী লীগ সরকার দ্রুত এর বাস্তবায়ন করবে বলে তিনি উল্লেখ করেন। পরিকল্পনা কমিশনে ‘সিরাজগঞ্জ শিল্পপার্ক সুরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প’ অনুমোদন পেলেই বিসিক প্রকল্পের মাটি বরাদ্দের কাজ শুরু হবে।
মন্ত্রণালয় জানায়, ৪৮৯ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ৪০০ একর জমির ওপর সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে। এতে ৮২০টি প্লটে ৫৭০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপিত হবে। ইতিমধ্যে ভূমি অধিগ্রহণে ১০১ কোটি ২১ লাখ টাকা ব্যয় হয়েছে। শিল্পপার্কটি বাস্তবায়ন হলে এক লাখ লোকের কর্মসংস্থান হবে।