গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলের ১৫ বছর মেয়াদি লাইসেন্সের মেয়াদ শেষ হবে ২০১১ সালের ১১ নভেম্বর। এ চার বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানির লাইসেন্স নবায়নের বিষয়টি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) প্রক্রিয়াধীন। বিটিআরসির কাজ শেষ হওয়ার পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় তা বিবেচনা করে দেখবে। তবে এতে কত দিন লাগতে পারে, সে সম্পর্কে কোনো আভাস দিতে পারেননি টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস। আজ বুধবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে যৌথভাবে মোবাইল অপারেটরদের সংগঠন (অ্যামটব) ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস (এটি ক্যাপিটাল) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সুনীল কান্তি বোস এসব কথা বলেন। সেমিনারে এটি ক্যাপিটালের ‘বাংলাদেশ টেলিকম সেক্টর: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার মুহাম্মদ জমির। গবেষণা-সংক্রান্ত সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন এটি ক্যাপিটালের ইফতি ইসলাম। টেলিযোগাযোগ সচিব বলেন, ‘সরকার অগ্রাধিকার ভিত্তিতে লাইসেন্স নবায়নের পাশাপাশি তৃতীয় প্রজন্মের প্রযুক্তি থ্রিজি লাইসেন্সের গাইডলাইন নিয়ে কাজ করছে।’ তবে থ্রিজি লাইসেন্স দেওয়ার আগে সরকার বিশেষ কয়েকটি বিষয় বিচার বিবেচনা করে দেখছে বলে জানান তিনি। জঙ্গিবাদের দিকে ইঙ্গিত করে সচিব বলেন, ‘নতুন এ প্রযুক্তির মাধ্যমে দেশ ও জনগণের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সরকার সেটাও পরীক্ষা করে দেখবে। কারণ থ্রিজি প্রযুক্তির মাধ্যমে মুঠোফোনেই ইন্টারনেট-ব্রডব্যান্ড ব্যবহার করা সহজ হয়ে পড়বে।’ মুহাম্মদ জমির বলেন, সরকার থ্রিজি প্রযুক্তি নিয়ে কাজ করছে। ডিজিটাল বাংলাদেশের স্বার্থেই এ প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। কারণ চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ফোর-জি ইতিমধ্যে বিশ্ব তথ্যপ্রযুক্তির দোড়গোড়ায় কড়া নাড়ছে।