১৫ বছরে গাড়ি বেড়েছে ১৭ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর দিয়ে প্রতিদিন বাংলাদেশে আসছে নতুন নতুন গাড়ি। ছবিটি গতকাল চট্টগ্রাম বন্দর থেকে তুলেছেন সৌরভ দাশ
চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর দিয়ে প্রতিদিন বাংলাদেশে আসছে নতুন নতুন গাড়ি। ছবিটি গতকাল চট্টগ্রাম বন্দর থেকে তুলেছেন সৌরভ দাশ

বাংলাদেশে যানবাহনের সংখ্যা বৃদ্ধির দিক থেকে গত দেড় দশকে বলতে গেলে একধরনের বিপ্লবই ঘটে গেছে। সারা দেশে নিবন্ধিত যত যানবাহন রয়েছে, তার প্রায় ৭৯ শতাংশই নেমেছে ২০০০ সালের পরে। এ সময়ে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে মোটরসাইকেল ও ব্যক্তিগত ব্যবহারের গাড়ি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্যভান্ডার থেকে এ তথ্য পাওয়া গেছে।
বিআরটিএ ২০ ধরনের যানবাহনের হিসাব সংরক্ষণ করে। এর মধ্যে কার, জিপ (স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল-এসইউভি) ও মাইক্রোবাসকে ব্যক্তিগত ব্যবহারের গাড়ি হিসেবে বিবেচনা করা হয়। আর বাস-ট্রাকসহ অন্য যানবাহনগুলো বাণিজ্যিক যানের আওতাভুক্ত।
বিআরটিএর তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত সারা দেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ২২ লাখ ১৪ হাজার ১৭টি। এর মধ্যে ২০০০ সালের আগে নিবন্ধিত যানবাহন ৪ লাখ ৭২ হাজার ৮৭৫টি। আর গত ১৫ বছরে নিবন্ধিত হয়েছে ১৭ লাখ ৪১ হাজার ১৪২টি। এ সময়ে মোটরসাইকেল নিবন্ধন হয়েছে সবচেয়ে বেশি, ৬০ শতাংশ। আর ব্যক্তিগত গাড়ির নিবন্ধন হয়েছে ১২ শতাংশ। ২০০০ সালের আগে দেশে ব্যক্তিগত ব্যবহারের গাড়ি ছিল প্রায় ১ লাখ ৪০ হাজার। পরের ১৫ বছরে ব্যক্তিগত গাড়ি বেড়েছে প্রায় আড়াই লাখ। সেই হিসাবে প্রতিদিন গড়ে ৬৮৮টি ব্যক্তিগত গাড়ি বেড়েছে।
বছরভিত্তিক হিসাব করলে দেশে সর্বোচ্চ যানবাহন নিবন্ধিত হয়েছে ২০১০ সালে। যার মধ্যে সর্বাধিক ছিল মোটরসাইকেল। এরপরই ব্যক্তিগত ব্যবহারের গাড়ির অবস্থান। ওই বছর ব্যক্তিগত ব্যবহারের তিন শ্রেণির ৩২ হাজার ৫৯টি গাড়ি নিবন্ধিত হয়েছে। এর মধ্যে শুধু ঢাকাতেই নিবন্ধন হয়েছে প্রতিদিন গড়ে ৮৯টি গাড়ি। আর ওই বছর মোটরসাইকেলের নিবন্ধন হয়েছে ১ লাখ ৯ হাজার ১১৪টি।
বিআরটিএ নিবন্ধনসংক্রান্ত তথ্যভান্ডারে নতুন ও পুরোনো যানবাহনের তথ্য সংগ্রহ করে না। তবে নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিআরটিএর একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, নিবন্ধন নেওয়া ব্যক্তিগত গাড়ির ৭৫ শতাংশই রিকন্ডিশন্ড বা পুরোনো (জাপানে একবার ব্যবহৃত)। বর্তমানে শুধু পাঁচ বছরের পুরোনো গাড়ি আমদানি করা যায়।
বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিবন্ধিত এসইউভির ৪০ শতাংশই নতুন। আর কার, মাইক্রোবাসের মধ্যে একেবারে নতুন গাড়ির পরিমাণ ১০ শতাংশ। নতুন গাড়ির বেশির ভাগের ক্রেতা সরকারের বিভিন্ন দপ্তর। সাংসদদের শুল্কমুক্ত গাড়িও কেনা হয় একেবারে নতুন। করপোরেট অফিসগুলোও নতুন গাড়ি কিনে থাকে। ব্যক্তি পর্যায়ে কেনা গাড়ির বেশির ভাগই রিকন্ডিশন্ড বা পুরোনো। তবে সাম্প্রতিক সময়ে ব্যক্তি পর্যায়ে নতুন গাড়ি কেনার প্রবণতা বেড়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত।
জানতে চাইলে গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ প্রথম আলোকে বলেন, মাথাপিছু গাড়ির মালিকানার দিক থেকে বিশ্বে বাংলাদেশ এখনো তলানির দিকে। বাণিজ্যিক যানবাহনও তুলনামূলকভাবে কম। অর্থনীতির গতি বৃদ্ধির ফলে যানবাহন বাড়ছে। তবে এটি আরও বাড়ার সুযোগ ও সম্ভাবনা রয়েছে। সে জন্য অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করতে হবে। সরকারের পক্ষ থেকে এমন নীতি করতে হবে, যাতে দেশে এই শিল্পটি বিকশিত হয়।
বিআরটিএ সূত্র জানায়, নিবন্ধিত যানবাহনের বাইরে আরও প্রায় সাত থেকে ১০ লাখ যানবাহন দেশে চলাচল করছে। এর বেশির ভাগই মোটরসাইকেল ও স্থানীয়ভাবে নির্মিত নছিমন-করিমন-ভটভটি।
রিকন্ডিশন্ড বা পুরোনো গাড়ির আমদানিকারক হকস বে-এর স্বত্বাধিকারী আবদুল হক বলেন, বাংলাদেশের গাড়ির বাজার মূলত ঢাকা ও চট্টগ্রামকেন্দ্রিক। গণপরিবহনের দুরবস্থা ও মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির কারণে সাম্প্রতিক সময়ে গাড়ি বেড়েছে। ব্যক্তিগত নিরাপত্তা বোধ থেকেই গাড়ির প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে।