১৫ মার্চ ডিএসইর এজিএম
আগামী ১৫ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন ধার্য করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ও আপিল বোর্ড গঠন করা হয়েছে। আজ বুধবার ডিএসইর পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডিএসইর সভাপতি শাকিল রিজভী সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় সাবেক সভাপতি রকিবুর রহমান ও পরিচালক আহমেদ রশিদ লালী উপস্থিত ছিলেন।শাকিল রিজভী বলেন, ‘আগামী ১৫ মার্চ এজিএমের দিন ধার্য করা হয়েছে। এর আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।’ তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও ডিএসইর পরিচালক আবুল হাসেম প্রধান নির্বাচন কমিশনার এবং ডিএসইর পরিচালক ওয়াকার উজ্জামান ও সদস্য এম কামাল উদ্দিনকে নির্বাচন কমিশনের সদস্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আপিল বোর্ডের প্রধান হিসেবে এম আকবর আলীকে এবং ওই বোর্ডের সদস্য হিসেবে এ কে এম রফিকুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সুধীর চন্দ্র দাসকে নির্ধারণ করা হয়েছে।’ নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ নির্ধারণ করবে বলেও জানান শাকিল রিজভী।ডিএসই সূত্রে জানা গেছে, এ বছর ডিএসইর চারজন পরিচালকের মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যে রয়েছেন বর্তমান সভাপতি শাকিল রিজভী, সহসভাপতি মো. শাহজাহান, পরিচালক মো. রফিকুল ইসলাম ও পরিচালক আবদুল হক। এই চারটি পদের জন্য প্রথমে নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে এজিএমে পরিচালকদের ভোটে ডিএসইর সভাপতি, সহসভাপতিসহ গুরুত্বপূর্ণ পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।