বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও এশিয়ার প্রধান অর্থনীতি জাপানে অবশেষে ১৫ মাস পর গত ডিসেম্বরে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে। এশীয় দেশগুলোতে বিশেষ করে চীনে জাপানি পণ্যের চাহিদা বাড়ার পরিপ্রেক্ষিতে দেশটির রপ্তানি আয়ের বার্ষিক হিসাবে এ প্রবৃদ্ধি হয়।২০০৯ সালের ডিসেম্বর মাসে জাপান থেকে মোট ছয় হাজার কোটি মার্কিন ডলার মূল্যমানের পণ্য রপ্তানি হয়, যা স্থানীয় মুদ্রায় ৫ দশমিক ৪ ট্রিলিয়ন বা প্রায় সাড়ে পাঁচ লাখ কোটি ইয়েনের সমান। এই রপ্তানি আয় আগের ২০০৮ সালের একই মাসের রপ্তানি আয়ের চেয়ে ১২ দশমিক ১ শতাংশ বেশি। আলোচ্য মাসে জাপানের রপ্তানিমুখী পণ্যের মোট যে পরিমাণ জাহাজীকরণ হয়, তার এক-তৃতীয়াংশই গেছে এশিয়ার দেশগুলোতে।গতকাল বুধবার জাপান এ তথ্য প্রকাশ করে। দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে জানানো হয় যে আমেরিকাকে ছাড়িয়ে এখন চীনই তাদের সবচেয়ে বড় বাজার হয়ে উঠেছে।এদিকে চীন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি থেকে দ্বিতীয় হওয়ার লড়াইয়ে অবতীর্ণ রয়েছে, যেখানে এখন অবস্থান করছে জাপান।রপ্তানি বাড়লেও জাপানের আমদানি সাড়ে ৫ শতাংশ কমে ৪ দশমিক ৯ ট্রিলিয়ন বা প্রায় পাঁচ লাখ কোটি ইয়েনে নেমে এসেছে।বিশ্লেষকেরা মনে করেন, রপ্তানি বাড়ানোর বিষয়ে জাপান এখন এশিয়ার বাজারগুলোর ওপরও নির্ভর করতে পারে। এ প্রসঙ্গে নরিনচুকেন রিসার্চ ইনস্টিটিউটের বিশ্লেষক তাকেশি মিনামি বলেন, উন্নত দেশগুলোর অবস্থা এখনো ভঙ্গুর অবস্থায় থাকলেও বিশ্বব্যাপী অধিকাংশ দেশের অর্থনীতিতে পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হওয়ায় জাপানের সামনে বিশেষ করে এশিয়ার অপরাপর দেশগুলোতে রপ্তানি অব্যাহত রাখার সুযোগ রয়েছে।বার্কলেস ক্যাপিটালের প্রধান অর্থনীতিবিদ কিওহেই মরিতা বলেন, আমেরিকার মতো চীনও ভবিষ্যতে জাপানের অন্যতম বাণিজ্যিক অংশীদার হয়ে থাকবে। সূত্র: বিবিসি ও এএফপি।