১৫ মাস পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ১১০০ কোটি ডলার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। প্রায় ১৫ মাস পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার এক হাজার ১০০ কোটি ডলার অতিক্রম করেছে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, গত বুধবার দিনের শেষে রিজার্ভ দাঁড়িয়েছে এক হাজার ১০৩ কোটি ডলার।বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ঈদুল ফিতর সামনে রেখে প্রবাসী আয় বৃদ্ধির পাশাপাশি আমদানি ব্যয় কিছুটা কমা ও রপ্তানি বিল দ্রুত প্রত্যাবাসনের ইতিবাচক প্রভাব পড়েছে। এর সঙ্গে বিদেশি একটি ব্যাংকের বিরুদ্ধে সম্প্রতি মানি লন্ডারিংয়ের অভিযোগ ওঠায় সেখানে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের রক্ষিত ডলার ফেরত এনে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ায়ও রিজার্ভ বেড়েছে।কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আরও বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। বৈদেশিক মুদ্রায় প্রচলিত ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড কিনতে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রত্যয়নের শর্ত প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া, দেশে বসে সেবার বিনিময়ে প্রাপ্ত আয় পাঁচ হাজার ডলার পর্যন্ত কোনো ঘোষণা ছাড়াই দেশে আনার সুযোগ দেওয়া হয়েছে। আর অনলাইনে সেবা রপ্তানি থেকে সর্বোচ্চ দুই হাজার ডলার ঘোষণা ছাড়া আনা যাবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে জানা যায়, ২০০৯-১০ অর্থবছরে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার কোটি ডলারের ওপরে ওঠে। ওই বছর শেষে গড় রিজার্ভ দাঁড়িয়েছিল এক হাজার ৭৫ কোটি ডলার। প্রথমবারের মতো রিজার্ভ এক হাজার কোটি ডলার অতিক্রম করায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এটি উদ্যাপনের উদ্যোগ নেন। একটি পাঁচ তারকা হোটেলে এ জন্য একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।পরবর্তী ২০১০-১১ অর্থবছরে গড় রিজার্ভ দাঁড়িয়েছিল এক হাজার ৯১ কোটি ডলার এবং ২০১১-১২ অর্থবছর শেষে তা কিছুটা কমে গড় রিজার্ভ দাঁড়িয়েছিল এক হাজার ৩৬ কোটি ডলার।এর আগে ২০১০ সালের অক্টোবরে প্রথমবারের মতো রিজার্ভ এক হাজার ১০০ কোটি ডলার ছাড়িয়েছিল। পরে তা কমে এলেও ডিসেম্বরে আবার এক হাজার ১০০ কোটি ডলার ছাড়ায়। এ ছাড়া, ২০১১ সালের ফেব্রুয়ারি ও এপ্রিল মাসেও রিজার্ভ এক হাজার ১০০ কোটি ডলারের ওপরে উঠেছিল।