১৫ মে থেকে কাঠমান্ডু যাবে ইউএস-বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে কাঠমান্ডু আকাশপথে ১৫ মে থেকে যাত্রী পরিবহনের আনুষ্ঠানিক ঘোষণা দিল ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশের এই বেসরকারি বিমান সংস্থাটি।

ইউএস-বাংলা এয়ারলাইনসের এটি প্রথম আন্তর্জাতিক ফ্লাইট। প্রতি রবি, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে বেলা তিনটায় ছেড়ে যাবে এবং নেপালের কাঠমান্ডুতে পৌঁছাবে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার। আর কাঠমান্ডু থেকে বিকেল ৫টা ১০মিনিটে ছেড়ে সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তি বিষয়টি জানিয়েছে বিমান সংস্থাটি।
ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়া ও আসার ভাড়া হবে ১৭ হাজার ৬৬২ টাকা। তবে শুধু যাওয়া কিংবা আসার জন্য ভাড়া লাগবে ১০ হাজার ৫৮০ টাকা।

ইউএস-বাংলা জানায়, ৭৬ আসনবিশিষ্ট ড্যাশ-৮ কিউ ৪০০ সিরিজের নিউ জেনারেশন এয়ারক্রাফট দিয়ে ঢাকা-কাঠমান্ডু পথে ফ্লাইট পরিচালিত হবে। গত ২৪ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইনস কাঠমান্ডু থেকে ঢাকা পথে যাত্রী পরিবহনের জন্য নেপাল সরকারের অনুমতি পায়। বর্তমানে বিমান সংস্থাটি ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে আকাশপথে যাত্রী পরিবহন করছে।