১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বিএসআরএম স্টিল
১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেড। বিএসআরএম স্টিলের পক্ষ থেকে আজ বুধবার এ ঘোষণা দেওয়া হয়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৯ মার্চ।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে বিএসআরএম স্টিলের মুনাফা ও ইপিএস বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কনসলিডেটেড নিট মুনাফা হয়েছে ১৩৯ কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে ৪০ কোটি টাকা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ৯৯ কোটি টাকা। মুনাফার পাশাপাশি ইপিএসও এক টাকা দুই পয়সা বেড়েছে এই প্রতিষ্ঠানের। ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানের মুনাফা দাঁড়িয়েছে চার টাকা আট পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল তিন টাকা ছয় পয়সা।
এ দিকে আজ লেনদেন চলাকালে বেলা দুইটায় বিএসআরএম স্টিলের শেয়ারের দাম প্রায় আড়াই শতাংশ বা দুই টাকা কমে লেনদেন চলে ৭২ টাকা ৪০ পয়সায়।