১৫ শতাংশ পোশাকশ্রমিকের সংসার চালানোর অর্থ নেই

বরিশালের সুলতানা ঢাকার একটি পোশাক কারখানায় অপারেটর পদে এক বছর ধরে কাজ করেন। ভাড়া বাসায় স্বামী ও সন্তান নিয়ে বসবাস করেন তিনি। তাঁর স্বামী একটি মুদি দোকান চালান। সুলতানার মাসিক আয় ১২ হাজার আর তাঁর স্বামীর ১৪ হাজার টাকা।
করোনার কারণে ২৬ মার্চ সুলতানার কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। লকডাউনের কারণে তাঁর স্বামীর ব্যবসাও বন্ধ। তাতে প্রতিদিনের খাবার খরচ কমাতে বাধ্য হোন সুলতানা। এমনকি গ্রামের বাড়ীতে টাকা পাঠানো বন্ধের পাশাপাশি সন্তানের টিউশনি খরচ ও মোবাইল বিল কমিয়ে দেন।
সুলতানার মতো ২৭ শতাংশ পোশাকশ্রমিক করোনার কারণে বর্তমান পরিস্থিতিতে খাবার খরচ কমাতে বাধ্য হয়েছেন। ওয়েবএবল ডিজিটাল সহযোগিতায় কনসালটেন্সি ফার্ম ইনোভিশন কনসালটিংয়ের জরিপে এমন তথ্য উঠে এসেছে। তাদের জরিপ অনুযায়ী, ১৫ শতাংশ পোশাকশ্রমিকের হাতে সংসার চালানোর মতো অর্থ নেই। যেসব শ্রমিকের কাছে অর্থ রয়েছে তারাও সর্বোচ্চ ১৬ দিন সংসার চালাতে পারবেন বলে জানিয়েছেন।
দেশের পোশাকশ্রমিকদের জীবনে করোনার প্রভাব শীর্ষক জরিপের জন্য ৭ থেকে ৯ এপ্রিল তথ্য সংগ্রহ করা হয়। এতে অংশ নেন গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের ৭টি কারখানার ৮৮ জন পোশাকশ্রমিক। তার মধ্যে ৪৪ জন নারী ও ৪৪ জন পুুরুষ পোশাকশ্রমিক রয়েছেন। জরিপের ফলাফল আজ বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
অবশ্য যে সময়ে জরিপটি করা হয় তখন অধিকাংশ পোশাক কারখানাই মজুরি দেয়নি। ফলে বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে মনে করেন ওয়েবএবল ডিজিটালের চেয়ারম্যান অভিক আলম। তিনি প্রথম আলোকে বলেন, 'আমরা যখন জরিপটি করি তখন অধিকাংশ কারখানাই মজুরি দেয়নি। তবে গত ১২-১৩দিনে অনেক কারখানাই মজুরি দিয়ে দিয়েছে। ফলে অধিকাংশ শ্রমিকের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।'
জরিপে উঠে এসেছে, জরিপে অংশ নেওয়া ৫৭ শতাংশ শ্রমিকের পরিবারে আরও একজন উপার্জনক্ষম ব্যক্তি রয়েছেন। তবে তাদের মধ্যে ৯২ শতাংশের সেই আয়ের উৎসটি আপাতত বন্ধ। ফলে ২৭ শতাংশ শ্রমিক খাবার খরচ কমিয়ে আনতে বাধ্য হয়েছেন। তাতে শ্রমিক পরিবারের স্বাস্থ্য ও পুষ্টি হুমকির মুখে পড়েছে। ২০ শতাংশ পোশাকশ্রমিক নিত্যপ্রয়োজনীয় আমিষ কেনা কমিয়ে ফেলেছেন। মে মাসের মজুরি না পেলে সেই সংখ্যা ২৯ শতাংশে গিয়ে দাঁড়াবে। জরিপে আরেকটি বিষয় উঠে এসেছে, পুরুষ শ্রমিকদের তুলনায় নারীরা নিজেদের খাবার খরচের সঙ্গে বেশি আপোষ করেছে।
করোনার কারণে উপার্জন অনিশ্চিত হওয়ায় গ্রামের আত্নীয় স্বজনের কাছে অর্থ পাঠানো বন্ধ করে দিয়েছেন অধিকাংশ পোশাকশ্রমিক। জরিপে উঠে এসেছে, ৬৯ শতাংশ পোশাকশ্রমিক নিজের গ্রামের বাড়িতে আর টাকা পাঠাতে পারছেন না। এক্ষেত্রে নারীদের ভোগান্তি বেশি। বর্তমান পরিস্থিতি সামাল দিতে ৫৭ শতাংশ নারী শ্রমিক অন্যের কাছ থেকে ঋণ নিয়েছেন। অন্যদিকে ৪০ পুরুষ শ্রমিকেরা ঋণ নিতে বাধ্য হয়েছেন।
মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাওয়া শ্রমিকেরা অন্যান্য খরচ কমিয়ে ফেলতে বাধ্য হয়েছেন। জরিপের অংশ নেওয়া ৪৩ শতাংশ পোশাকশ্রমিক বলেছেন, তারা মোবাইল খরচ বন্ধ করে দিয়েছেন। আগামী মাসে মজুরি না হলে সেই সংখ্যাটি বেড়ে ৬৮ শতাংশ হতে পারে।
জরিপের তথ্য অনুযায়ী, ৮০ শতাংশ শ্রমিকের কোনো সঞ্চয় নেই। বাকিদের সঞ্চয় গড়ে ১ হাজার ৯১৮ টাকা। ফলে ৭৪ শতাংশ শ্রমিকই বর্তমান পরিস্থিতিতে আত্নীয়, প্রতিবেশি কিংবা পরিচিতজনের কাছ থেকে ঋণ নেওয়ার কথা ভাবছেন। এই ঋণ ভবিষ্যতে তাদের খাদ্য নিরাপত্তা ও জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ ৭৬ শতাংশ শ্রমিক আগের ঋণ শোধ করতে পারেননি। আবার ৭৪ শতাংশ পোশাকশ্রমিক বাড়িভাড়া পরিশোধ করতে পারেননি।
এদিকে এপ্রিল মাসের তিন সপ্তাহ চলে গেলে বেশ কিছু পোশাক কারখানা এখনো শ্রমিকে মজুরি দিতে পারেনি। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ২ হাজার ২৭৪ কারখানার সরাসরি রপ্তানি করে। তার মধ্যে ৯২ কারখানা আজ বুধবার পর্যন্ত মজুরি দিতে পারেনি।