১৫ শতাংশ মূসক সবাইকে মিলে দিতে হবে : বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘১৫ শতাংশ নতুন মূল্য সংযোজন কর (মূসক) শুধু ব্যবসায়ীদের ওপর চাপিয়ে দেওয়া হবে না। এটা কোম্পানি, ব্যবসায়ী ও ভোক্তা—সবাই মিলে দিতে হবে। ফলে সবার জন্যই এটা দিতে সুবিধা হবে। তবে আমি কথা দিতে চাই, এমন কিছু করব না, যা বিনিয়োগে প্রভাবিত হয়।’

আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদ আয়োজিত এক সেমিনারে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

আগামী জুলাই মাস থেকে নতুন মূসক আইন কার্যকর করার কথা রয়েছে। নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়িত হলে আমদানি, উৎ​পাদন, সরবরাহ ও ভোক্তা পর্যায়ে প্রতিটি স্তরে ১৫ শতাংশ হারে মূসক বসবে। ফলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়বে। তবে ব্যবসায়ীরা এ ক্ষেত্রে উপকরণ রেয়াত নিতে পারবেন। কোনো ব্যবসায়ী বা উৎ​পাদক তাঁর স্তরে ওই পণ্য বা সেবাটিতে যতটা মূল্য সংযোজন করবেন ওই মূল্যের ওপর মূসক দেবেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির নেত্রী যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে মন্ত্রিত্ব দিয়েছেন। তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের কলঙ্কিত করেছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার করে পুরো জাতিকে কলঙ্কমুক্ত করছেন। তিনি ক্ষমতায় না থাকলে এই বিচার কোনো দিন হতো না।

বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে হত্যা করা হয়, তখন খাদ্যের রপ্তানি ছিল ৫০০ কোটি মার্কিন ডলার। তাঁকে হত্যা করে তখন এই অগ্রযাত্রাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে দেশে ১৬ কোটি মানুষ হওয়ার পরেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরে আমরা বার্ষিক রপ্তানি করছি ২৯ বিলিয়ন মার্কিন ডলার। আগে আমাদের দেশকে বলা হতো বটমলেস বাস্কেট, এখন আমাদের বলা হয় মিরাকল। এটা প্রধানমন্ত্রীর উন্নয়নের মহাসড়কে চলার বাস্তব উদাহরণ।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদের চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক কাজী মারুফুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ইকবাল আর্সলান প্রমুখ।

আরও পড়ুন