১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে জিবিবি পাওয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। জিবিবি পাওয়ারের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৫ মার্চ।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে জিবিবি পাওয়ারের মুনাফা বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের করপরবর্তী নিট মুনাফা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা, যা ২০১২ সালের একই সময়ের চেয়ে দুই কোটি টাকা বেশি। ২০১২ সালে মুনাফা হয়েছিল প্রায় ১২ কোটি টাকা। অন্যদিকে ইপিএস হয়েছে এক টাকা ৯০ পয়সা।