১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে যমুনা ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। যমুনা ব্যাংকের পক্ষ থেকে আজ রোববার এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৬ এপ্রিল।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে যমুনা ব্যাংকের মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কনসোলিডেটেড নিট মুনাফা হয়েছে ১১৪ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে তিন কোটি টাকা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির কনসোলিডেটেড নিট মুনাফা হয়েছিল ১১১ কোটি টাকা। অন্যদিকে ইপিএস হয়েছে দুই টাকা ৫৫ পয়সা, যা আগের বছরের চেয়ে আট পয়সা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল দুই টাকা ৪৭ পয়সা।